এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ মে : শুধুমাত্র রাজনৈতিক কারনে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প এরাজ্যে চালু করতে দেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । কিন্তু বিজেপি ক্ষমতায় আসতেই দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নেওয়ার পথ পরিষ্কার হয়ে গেল । আজ মঙ্গলবার নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’(Ayushman Bharat) প্রকল্প চালুর আনুষ্ঠানিক ঘোষণা করলেন।
সেই সাথে সরকারি চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা একধাক্কায় ৫ বছর বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ফলে দীর্ঘ প্রতীক্ষার পর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী।
মুখ্যমন্ত্রী বলেন,’কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-জি নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন যে, ২০১৫ সালের পর রাজ্যে সরকারি চাকরিতে সেভাবে কোনও নিয়োগ হয়নি। এর ফলে প্রচুর শিক্ষিত ও যোগ্য যুবক-যুবতীর চাকরির আবেদনের বয়স পেরিয়ে গিয়েছে। তাঁদের সেই যন্ত্রণার কথা মাথায় রেখেই আমাদের সরকার সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৫ বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।’ রাজ্যের বিজেপি সরকারের দ্বারা বেকারত্ব দূরীকরণ এবং স্বচ্ছ নিয়োগের ক্ষেত্রে এক বলিষ্ঠ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ।।

