এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ মে : নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আজ মঙ্গলবার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, রাজ্যে আগে থেকে চালু থাকা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ করছে না বিজেপি সরকার। অর্থাৎ, সাধারণ মানুষ যেসব প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তা ভবিষ্যতেও জারি থাকবে।
এদিকে পূর্ববর্তী তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডারের বিকল্প হিসাবে ঘোষণা করা বর্তমান বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে ঢুকবে এনিয়ে উদ্বেগ ছিল উপভোক্তাদের মধ্যে । তবে সেই উদ্বেগের নিরসন করে দিয়েছে প্রশাসনিক সূত্র। সূত্রের খবর,আগামী জুন মাসের প্রথম দিনেই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা করে পাবেন মহিলারা । উল্লেখ্য,প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাবদ ১০০০-১৫০০ টাকা তাকে ইভিএম ভরাতে যথেষ্ট সুবিধা পাইয়ে দিয়েছিল। এতে মহিলাদের একচেটিয়া ভোট পেয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু নির্বাচনী প্রচারে বিজেপি লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিল । প্রকল্পের অর্থ এক ধাক্কায় দ্বিগুণ করে ৩০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। বিজেপির এই প্রতিশ্রুতিই মমতার মহিলা ভোটব্যাংকে থাবা বসায় বলে মনে করা হচ্ছে । অবশেষে ক্ষমতায় এসেই বিজেপি তার ঘোষিত প্রতিশ্রুতিগুলি কার্যকর করা শুরু করে দিল।।
