এইদিন বিনোদন ডেস্ক,০৭ অক্টোবর : ৫ কোটি টাকার চেক বাউন্স মামলা নিষ্পত্তি করতে নিজের পৈতৃক সম্পত্তি দিতে চান বলিউড অভিনেতা রাজপাল যাদব । তাঁর ২০১২ সালের ছবি ‘আতা পাতা লাপাতা’-র সাথে সম্পর্কিত এই মামলা । বকেয়া পরিশোধের ব্যাপারে অভিনেতার আগের আশ্বাসগুলো বারবার ব্যর্থ হওয়ার পর,আজ বুধবার সুপ্রিম কোর্ট রাজপাল যাদবকে ২ কোটি টাকা অবিলম্বে পরিশোধের ব্যবস্থা করার নতুন প্রস্তাব দিয়েছে ।
প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনাকে নিয়ে গঠিত একটি বেঞ্চ নথিভুক্ত করেছে যে, যাদব ১.১৫ কোটি টাকার ডিমান্ড ড্রাফট এনেছেন এবং তাঁর পৈতৃক সম্পত্তির একজন সম্ভাব্য ক্রেতা আরও ৮৫ লক্ষ টাকার ব্যবস্থা করতে রাজি হয়েছেন। ক্রেতা অনন্ত প্রকাশ যাদব, আদালতে উপস্থিত ছিলেন এবং ১২ই অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিতে ৮৫ লক্ষ টাকা জমা দিতে সম্মত হয়েছেন। বেঞ্চ বলেছে যে, অর্থ পরিশোধ করা হলে, তারা যাদবকে শর্তসাপেক্ষ স্বস্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে এবং বাকি টাকা পরিশোধের জন্য একটি সময়সূচী তৈরি করবে।
হিন্দি ছবি ‘আতা পাতা লাপাতা’ ছবির প্রযোজনার জন্য রাজপাল যাদব ও তাঁর স্ত্রীর বেসরকারি সংস্থা মুরলি প্রজেক্টস-এর কাছ থেকে পাওয়া ৫ কোটি টাকা থেকেই এই বিবাদের সূত্রপাত। আজ রাজপাল যাদব আদালতকে বলেছেন, “এই ৫ কোটি টাকা আমার ২২ কোটি টাকা নষ্ট করে দিয়েছে। আমার ১৬ বছরের ব্র্যান্ডিং নষ্ট হয়ে গেছে।” প্রধান বিচারপতি সূর্যকান্ত জিজ্ঞাসা করেন, “আপনি কি নতুন কিছু নিয়ে কাজ করছেন, নাকি করছেন না?”
রাজপাল যাদব উত্তর দেন, “স্যার, আমি আপনাকে শ্রদ্ধা জানাই। আমি আড়াইশোটি ছবি করেছি। গত ১৩ বছরে আমার আড়াইশো কোটি টাকার লোকসানও হয়েছে। ‘আতা পাতা লপাত’ ছবিতে আমার ১৭ কোটি টাকা জলে গেছে।”
শুনানি শেষে সুপ্রিম কোর্ট অভিনেতা রাজপাল যাদবকে চেক বাউন্স মামলায় অভিযোগকারীর প্রাপ্য ২ কোটি টাকা আগামী ১৩ই অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, টাকা পরিশোধ করা হলে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তাঁর আবেদনটি বিবেচনা করা হবে।আজ আদালতে উপস্থিত রাজপাপ যাদব ১.১৫ কোটি টাকার একটি ডিমান্ড ড্রাফট এনেছিলেন এবং বাকি ৮৫ লক্ষ টাকা ১৩ই অক্টোবরের মধ্যে তাঁর পৈতৃক সম্পত্তির এক ক্রেতার মাধ্যমে পরিশোধ করতে হবে বলে জানান, যিনি তাঁর সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন।

