এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৭ অক্টোবর : ইসরায়েলে ২০২৩ সালের ৭ই অক্টোবরের গণহত্যার তিন বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি একটি বিবৃতি প্রকাশ করেছেন। মামদানি নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং হামাসের নিন্দা জানিয়েছেন । তবে বিবৃতির মূল অংশ ইসরায়েলকে কেন্দ্র করেই দিয়েছেন তিনি । যেখানে তিনি ইহুদি রাষ্ট্রটিকে গণহত্যা ও বর্ণবৈষম্যের জন্য অভিযুক্ত করেছেন।
মামদানি বলেন, “আজকের দিনটি বহু নিউ ইয়র্কবাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক। ৭ই অক্টোবরের সেই ভয়াবহ যুদ্ধাপরাধের তিন বছর পূর্ণ হলো। সেদিন হামাস ১,১০০ জনেরও বেশি ইসরায়েলিকে হত্যা করেছিল এবং আরও ২৫১ জনকে অপহরণ করেছিল। আমরা আমাদের সেই অসংখ্য বন্ধু ও প্রতিবেশীর পাশে থেকে শোক প্রকাশ করছি, যারা এখনও সেই অকল্পনীয় ক্ষতি বয়ে বেড়াচ্ছেন।”তিনি আরও বলেন,“সেই দুর্ভোগ সেদিন শুরুও হয়নি, শেষও হয়নি। বরং তা অব্যাহত রয়েছে গাজায় ইসরায়েলি সরকারের বিধ্বংসী, চলমান গণহত্যার মধ্য দিয়ে, যেখানে তারা ৭৪,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে—যার মধ্যে ২১,০০০-এরও বেশি শিশু রয়েছে ।”
মামদানি যোগ করেন,“তথাকথিত যুদ্ধবিরতির পরেও ১,৪০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতালের বাইরে অপেক্ষারত অ্যাম্বুলেন্সের ওপর ইসরায়েলি বোমা ফেলার প্রতিটি ঘটনায়, আবাসিক ভবন বা সাংবাদিককে লক্ষ্য করে চালানো প্রতিটি ড্রোন হামলায় এবং সীমান্ত পারাপারে খাদ্য সহায়তার প্রতিটি চালান ফিরিয়ে দেওয়ার ফলে সেই দুর্ভোগ আরও তীব্র হয়েছে। নিউইয়র্কের অনেক বাসিন্দা এই অসহনীয় শোকের সম্মুখীন হচ্ছেন, এবং আমরাও তাদের পাশে থেকে শোক প্রকাশ করছি—আর এটা জেনেই যে আমাদের করের টাকায় এই যুদ্ধাপরাধগুলো সংঘটিত হয় ।”
সম্পূর্ণ বিবৃতিতে বলা হয়েছে,”তিন বছর পরেও, আমাদের এমন একটি বিশ্বকে মেনে নিতে অস্বীকার করতে হবে যেখানে দখলদারিত্ব ও বর্ণবৈষম্য অব্যাহত রয়েছে, যেখানে যুদ্ধাপরাধের জন্য কোনো শাস্তি হয় না এবং আমাদের ফেডারেল সরকার প্রতিটি অস্ত্র চালানের মাধ্যমে এই অপরাধে তার সহযোগিতা অব্যাহত রাখে। নিহতদের সম্মান জানাতে, আমাদের এমন একটি বিশ্বের জন্য লড়াই করতে হবে যেখানে প্রতিটি মানুষ স্বাধীনতা, নিরাপত্তা এবং মর্যাদার সাথে বাঁচতে পারে ।”
ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা উপত্যকায় গণহত্যা সংঘটিত হওয়ার কথা জোরালোভাবে অস্বীকার করেছে, অন্যদিকে আইডিএফ বলেছে যে তারা কেবল সন্ত্রাসী কর্মীদের লক্ষ্য করে এবং বেসামরিক হতাহতের সংখ্যা কমানোর চেষ্টা করে, এবং তারা উপত্যকায় খাদ্য সহায়তা প্রবেশে সহায়তা করে।।

