এইদিন ওয়েবডেস্ক,দুর্গাপুর(পশ্চিম বর্ধমান),২৩ নভেম্বর : পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ফরিদপুরে বিজেপি নেতা খুনে অন্যতম অভিযুক্ত বিজয় নন্দীর বাড়িতে চলল বুলডোজার! প্রশাসনের উপস্থিতিতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল দু’তলা বাড়িটি । প্রশাসনের দাবি,বাড়িতে নির্মাণে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি । এদিকে বাড়ি ভাঙার সময় পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন । অভিযুক্ত বিজয় নন্দীর স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন,’আমার স্বামী অন্যায় করেছে, জেল খাটছে । আমার বাচ্চা আর আমি কি অন্যায় করলাম ? আমরা এখন কোথায় যাব?’ অভিযুক্তের বৃদ্ধা বিধবা মা কল্যাণী নন্দী বলেন,’আমার ছেলে নাকি মার্ডার করেছে । সে তো এখন জেলে রয়েছে ।’ তিনি বলেন,’এখানে কেউই পঞ্চায়েতের অনুমতি নিয়ে বাড়ি করেনি । আমার ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে বলে বাড়িটা ভেঙে দেওয়া হল। এই বুড়ো বয়সে আমি এখন কোথায় যাব ?’
১০ নভেম্বর রাতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ফরিদপুরের জব্বর পল্লিতে পিটিয়ে খুন করা হয় বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক শ্যাম কুমার দাসকে। জমি সংক্রান্ত বিবাদ ঘিরে এই ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।এই ঘটনায় বিজয় নন্দী, অজয় নন্দী ও প্রসূন পান্ডেকে গ্রেফতার করা হয় ।
খুনের ঘটনার পর পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্রনাথ তিওয়ারি অভিযুক্তদের “গুঁড়িয়ে দেওয়ার” কথা বলেছিলেন। এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের “সমূলে বিনাশ” করার কথা বলেছিলেন তিনি । এদিন মূল অভিযুক্ত বিজয় নন্দীর বাড়ি গুঁড়িয়ে দেওয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে ।
দুর্গাপুর ফরিদপুরের বিডিও দেবদ্বীপ বৈরাগি জানান,এই বাড়িটি নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনে অনুমতি নেওয়া হয়নি । পঞ্চায়েতের তরফে নোটিশ করা হলেও কোন সদুত্তর মেলেনি । তাই এই দিন বাড়িতে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ দুর্গাপুর ফরিদপুরের বিডিও-এর নেতৃত্বে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী জব্বর পল্লীতে আসে । আনা হয় বুলডোজার । তারপর অভিযুক্ত বিজয় নন্দীর দু’তলা বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ।।
