এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৩ নভেম্বর : ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন । আগেই তিনি ঘোষণা করেছেন যে দেশে সন্ত্রাসবাদের প্রসার ও নৈরাজ্য সৃষ্টির জন্য তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে বিচারের আওতায় আনবেন । এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে তার আগেই চম্পট দিলেন ইউনূস । আজ সোমবার সকাল ৭টা ১২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার্টার্ড প্রাইভেট জেটে চড়ে চম্পট দিয়েছেন তিনি । তবে তার গন্তব্য কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিমানবন্দর ও ফ্লাইট ট্র্যাকিং সূত্রে জানা গেছে, ‘বোম্বার্ডিয়ার গ্লোবাল ৬০০০’ মডেলের একটি ব্যক্তিগত উড়োজাহাজে ইউনূস ও তার সফরসঙ্গীরা ঢাকা ছাড়েন।সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান সেলেটার জেট চার্টার প্রাইভেট লিমিটেডের নিবন্ধিত উড়োজাহাজটি রবিবার বিকেল ৩টা ৩৪ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে। পরে রাতে সেটি বিমানবন্দরে অবস্থান করে।ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এ উড়োজাহাজটির গন্তব্যের ঘরে ‘এন/এ’ (N/A) উল্লেখ রয়েছে। ফলে সেটি কোন দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছে, তা ফ্লাইটের প্রকাশ্য তথ্য থেকে নিশ্চিত হওয়া যায়নি।
Flightradar24-এর ফ্লাইট-ট্র্যাকিং রেকর্ড অনুযায়ী, P4-BVM রেজিস্ট্রেশনের একটি অতি-দীর্ঘ-পাল্লার বেসরকারি ব্যবসায়িক জেট (যা P4BVM হিসেবেও ট্র্যাক করা হয়) ঢাকা (DAC) থেকে স্থানীয় সময় সকাল ৭:১২ টায় (UTC +06:00) রওনা দেয়।
যাত্রার প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট পর নেওয়া পরবর্তী ট্র্যাকিং স্ন্যাপশটগুলোতে দেখা যায় বিমানটি মায়ানমারের উপকূলে আন্দামান সাগরের দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিকে ইয়াঙ্গুন ও মাওলামমাইন পেরিয়ে—৪১,০০০ ফুট উচ্চতায় এবং ৪৯৪ থেকে ৪৯৮ নটিক্যাল মাইলের মধ্যে স্থল গতিতে ভ্রমণ করছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইউনূস মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন।এই সফরে তার সঙ্গে রয়েছেন লামিয়া মোর্শেদ, ব্যক্তিগত সচিব সাব্বির আহমেদ এবং সজীব এম খায়রুল ইসলাম।
এদিকে ইউনূসের আকস্মিক দেশত্যাগের সময়টি ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও এ নিয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ইউনূসের এই সফরের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে আলোচনা হচ্ছে। যদিও দুই ঘটনার মধ্যে কোনো সরাসরি সম্পর্কের তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
শেখ হাসিনা সম্প্রতি আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া সাক্ষাৎকারেও তিনি দেশে ফেরার পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন।
এদিকে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে ভারতে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন তিনি। তবে বাংলাদেশ সরকার তার সেই আবেদন প্রত্যাখ্যান করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা এবং বিভিন্ন স্থানে হিংসার ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের হঠাৎ দেশত্যাগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তবে তার এই সফরের উদ্দেশ্য, গন্তব্য, মালয়েশিয়ায় অবস্থানের সম্ভাব্য সময়সীমা কিংবা সেখানে কোনো বৈঠকের কর্মসূচি রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত তার দপ্তর বা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।।
