এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৭ অক্টোবর : গতকাল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে । খোদ কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী “সংঘর্ষ-বোমাবাজি” বা কোনো রকম অশান্তি ছাড়াই ভোটগ্রহণ পর্ব সম্পন্ন করার নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন। কিন্তু আম জনতা উন্নয়ন পার্টির (এইউপি) প্রধান হুমায়ুন কবির শাসকদল বিজেপির বিরুদ্ধে পুলিশকে দিয়ে ভোটলুটের অভিযোগ তুলেছেন ।
কিন্তু আজ মিডিয়ার ক্যামেরার সামনে হাউহাউ করে কেঁদে ফেললেন জনতা উন্নয়ন পার্টির (এইউপি) প্রধান হুমায়ুন কবির । তিনি ঘোষণা করেছেন, যতদিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকবেন তিনি বিধানসভায় ঢুকবেন না । এমনকি তিনি রাজনীতি ছেড়েও দিতে পারেন বলে জানিয়েছে । হুমায়ুন বলেন,’আমি নওদার মানুষের সঙ্গে আলোচনা করে বিধায়ক পদ থেকে পদত্যাগ করার বিষয়ে সিদ্ধান্ত নেবো ।’ তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, যেকোনো মূল্যে ‘বাবরি মসজিদ’ হবেই । আদালত কোনো নির্দেশ না দিলে কোনো শক্তিই বাবরি মসজিদ নির্মান আটকাতে পারবে না বলে হুঙ্কার দিয়েছেন তিনি । মাইনরিটি অ্যাফেয়ার্স, হাউস কমিটি, বিজনেস অ্যাডভাইসরি কমিটি, সর্বদলীয় বৈঠক কিংবা স্পিকারের ডাকা কোনও বৈঠকেও যোগ দেবেন না বলে জানান তিনি। তাঁর জন্য নির্ধারিত আসনটি ফাঁকা থাকবে বলেও জানান তিনি।
এদিকে এখনো পর্যন্ত যা আভাস পাওয়া যাচ্ছে যে,ওই দুই কেন্দ্রেই জয়লাভ করতে চলেছে বিজেপি । কিন্তু গতকাল ভোটের সময় পার্টি অফিসের সামনে থেকে কার্যত টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার পর পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন তিনি ৷ উল্লেখ্য,রেজিনগরে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ প্রার্থী হয়েছেন। ভোটের আগে তিনি তিনি ছেলের জয়ের বিষয়ে একপ্রকার নিশ্চিত ছিলেন তিনি । কিন্তু আজ হুমায়ুন কবির বলেন,’রেজিনগরে বিজেপি জিতবে।’।

