এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৫ অক্টোবর : প্রতি বছর দুর্গাপূজার আবহে প্রতিমা ভাঙচুরের ঘটনা কার্যত নিয়মমাফিক হয়ে গেছে বাংলাদেশে । এবারে পূজো যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রতিমা ভাঙচুরের ঘটনা । সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুরের একটি পূজামণ্ডপের ছয়টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে৷ এই ঘটনায় ইসমাইল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ছয় মাস আগে আরেকটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনাতেও গ্রেপ্তার হয়েছিল ওই ব্যক্তি । ওই মামলায় জামিনে থাকা অবস্থায় এবার আবারও প্রতিমা ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার হল ইসমাইল।
গত ৩ অক্টোবর টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসমাইলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। সে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়া গ্রামের কবির মিয়ার ছেলে।গত ৩০ সেপ্টেম্বর রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়া আর্য সমিতির পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। পরের দিন ১ অক্টোবর মণ্ডপের সভাপতি প্রকাশ বাকালী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে ইসমাইলকে গ্রেপ্তার করে পুলিশ।
ইসমাইলের বিরুদ্ধে একই ধরনের ঘটনায় আগেও গ্রেপ্তারের নজির থাকায় এবারের গ্রেপ্তার নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। প্রায় ছয় মাস আগে আরেকটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় বর্তমানে সে জামিনে রয়েছে ।পুলিশের দাবি, আগের ঘটনায়ও ইসমাইলের বিরুদ্ধে গ্রেপ্তারের নজির রয়েছে। ফলে এবারও তাকে সন্দেহের আওতায় এনে তদন্ত করা হচ্ছে। তবে বর্তমান ঘটনায় তার বিরুদ্ধে কী কী প্রমাণ পাওয়া গেছে, তা তদন্তের মাধ্যমে আরও স্পষ্ট হবে।
এলাকায় ‘সাইকো ইসমাইল’ নামে পরিচিত ইসমাইল হোসেন মূলত হিন্দু ধর্মস্থলগুলি নিশানা বানায় । তবে ভুল করেও স্বধর্মের ধর্মস্থলে সে কখনো আক্রমণ করেনি । এই কারণে এই ব্যক্তিকে ঘিরে আগের ও বর্তমান ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।।

