এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৭ আগস্ট : বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে পাশাপাশি অবস্থিত দুটি মন্দিরে রাতের অন্ধকারে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পর্বতবাগান দিঘীরপাড় এলাকায় অবস্থিত শ্রী শ্রী গণেশ পাগলের মন্দির ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতীরা ঢুকে প্রতিমা ভাঙচুরের পাশাপাশি মন্দিরের বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি করে ।
সকালে পূজার জন্য মন্দিরে গিয়ে ভক্তরা ভাঙচুরের বিষয়টি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও এলাকাবাসী মন্দির দুটির সামনে জড়ো হন।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় শান্তিপূর্ণভাবে ধর্মীয় কার্যক্রম চলে আসছে। মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় তারা হতবাক। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
ঘটনার পর স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তারা মন্দির দুটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । তবে হামলার সঙ্গে কারা জড়িতদের চিহ্নিত করে এখানো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে জেলার অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানিয়েছেন তারা।।
