এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ নভেম্বর : দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস নেতা ও স্বঘোষিত “পুষ্পা” জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট । ফলতার শ্রীরামপুরে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের ‘প্রাসাদোপম’ বাড়িটি বেআইনিভা নির্মানের অভিযোগ উঠেছে । বুধবার থেকে ওই বাড়ি ভাঙার কাজ শুরু করেছিল জেলা প্রশাসন। দু’দিন ধরে ভাঙার কাজ চলে । কিন্তু জাহাঙ্গির খানের পক্ষ থেকে হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী । আজ শুক্রবার সেই মামলার শুনানি হয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে৷ শেষ পর্যন্ত বিচারপতি জানান, আপাতত প্রশাসনকে কাজ বন্ধ রাখতে হবে। সোমবার ফের এই মামলার শুনানি হবে ।
পূর্বতন তৃণমূল সরকারের আমলে ফলতা-ডায়মন্ড হারবার এলাকার “ত্রাস” ছিলেন অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ জাহাঙ্গির খান । জেপি নাড্ডার কনভয়ে হামলা, ভোট পরবর্তী হিংসা,তোলাবাজি, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগে মামলা হয়েছে তার বিরুদ্ধে । পালাবদলের নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয় জাহাঙ্গিরকে। তারপর থেকে তিনি জেলবন্দি ।
শ্রীরামপুরে জাহাঙ্গির খানের বিশাল বাড়িটি নির্মাণের জন্য পঞ্চায়েত বা জেলা পরিষদের কোনও বৈধ অনুমতি ছিল না বলে অভিযোগ । বেআইনি নির্মাণের অভিযোগে স্থানীয় প্রশাসন আদালতের নির্দেশে ভাইফোঁটার সকালে কঠোরপদক্ষেপ নেয় । এর আগেও ৭ দিনের মধ্যে নিজে ভেঙে ফেলার নোটিস দেওয়া হয়েছিল, কিন্তু তা মানা না হওয়ায় প্রশাসন নিজ উদ্যোগে ভাঙার সিদ্ধান্ত নেয়। ভাঙার আগে প্রথমে বাড়ির আসবাব ও মূল্যবান জিনিসপত্র সরানোর কাজ করা হয়। বিশাল পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে উপস্থিত ছিলেন ফলতার বিডিও সন্দীপ সিংহ । এদিকে হাইকোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গীর ।
এই বিষয়ে এদিন রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, ‘মামলাকারী জাহাঙ্গির বর্তমানে জেলে রয়েছেন। তা হলে প্রশাসন কীভাবে চিহ্নিত করল যে বাড়িটি জাহাঙ্গিরের? বাড়ি ভাঙার আগে কোনও নোটিস দেওয়া হয়েছিল?’ রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ মিত্র জানান, স্থানীয় দু’জন চিহ্নিত করেছিলেন। প্রথমে পোস্টের মাধ্যমে নোটিস পাঠানো হয়েছিল। পরে তা বাড়ির দেওয়ালে সাঁটানো হয়। গোটা প্রক্রিয়ার ভিডিয়ো করা হয়েছে। তবে জাহাঙ্গিরের আইনজীবী কিশোর দত্তের দাবি, তাঁর মক্কেল এই বাড়িটির উল্লেখ করলেও তিনি থাকতেন অন্য বাড়িতে। বাড়ি ভাঙার আগে স্থানীয় বাসিন্দাদের একাংশকে সাক্ষী হিসেবে উপস্থিত রাখা নিয়ম। অথচ সেই নিয়মও মানা হয়নি বলে অভিযোগ তার ।
এর পরেই বাড়ি ভাঙার আগে প্রশাসনের তরফে যে নোটিস জারি করা হয়েছিল, আদালতে তার ভিডিও রেকর্ডিং পেশ করার নির্দেশ দেন বিচারপতি। সোমবার দুপুরে মামলার পরবর্তী শুনানি হবে। তখনই সেই ভিডিও রেকর্ডিং জমা দিতে হবে। তার আগে পর্যন্ত বাড়ি ভাঙার উপরে স্থগিতাদেশ জারি করেন বিচারপতি শুভ্রা ঘোষ। সোমবার দুপুরে মামলার পরবর্তী শুনানি হবে। তখনই সেই ভিডিও রেকর্ডিং জমা দিতে হবে। তার আগে পর্যন্ত বাড়ি ভাঙার উপরে স্থগিতাদেশ জারি করেন বিচারপতি ।।
