এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১৩ নভেম্বর : জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে গেল ৷ আজ শুক্রবার পঞ্চায়েতটির বোর্ড গঠন করেছে বিজেপি । ৩০ আসন বিশিষ্ট ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে ২০২৩ সালের ভোটে তৃণমূল পেয়েছিল ১৭ টি আসন ৷ বিজেপি ১২ টি এবং ১ টি আসন পেয়েছিল কংগ্রেস । বোর্ড গঠন করে তৃণমূল ।
কিন্তু সময়ের সাথে সাথে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে দলবদলের কারণে ডামাডোল শুরু হয় । পদত্যাগ করেন প্রধান ও উপপ্রধান ৷ ফলে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্ম বন্ধ হয়ে যায় । আজ শুক্রবার ভোটাভুটি হয় । ভোটাভুটিতে উপস্থিত ছিল বিজেপির ১২ জন এবং তৃণমূলের ৮ জন সদস্য । ওই ২০ টি ভোটই পড়ে বিজেপির পক্ষে । পঞ্চায়েতের প্রধান পদে দায়িত্ব নেন মেরি ওরাও এবং উপপ্রধান হন দীপঙ্কর সরকার।বোর্ড গঠন প্রক্রিয়া ঘিরে মালবাজার থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় ।
এদিন পঞ্চায়েতের বোর্ড গঠন উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক শুক্রা মুন্ডা। তিনি প্রধান ও উপপ্রধানকে সংবর্ধনা জানান । প্রধান পদে মেরি ওরাও বলেন,’দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ থমকে ছিল । এবারে স্বাভাবিক হবে ।’ রাস্তাঘাট সংস্কার, জঞ্জাল নিষ্কাশন, পানীয় জল সরবরাহ এবং আবাসিক শংসাপত্র দেওয়ার কাজকে সর্বপ্রথম গুরুত্ব দেবেন বলে জানান তিনি।।
