এইদিন বিনোদন ডেস্ক,১৩ নভেম্বর : বাংলাদেশের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ‘জিন’ তাড়ানোর কথা বলে ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ঘরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালানো অভিযোগ উঠেছে মসজিদের এক খতিবের বিরুদ্ধে। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার দিকে শ্রীনগর বাজারের একটি ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত।
গ্রেপ্তার রেজাউল বারী (৪৭) দীর্ঘদিন ধরে শ্রীনগর বাজার জামে মসজিদে ইমামতি করছেন।পুলিশ জানান, ওই ছাত্রী উপজেলার একটি মাদ্রাসায় পড়ে। মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ায় তার পরিবার ধারণা করে, তার ওপর “জিনের আসর” রয়েছে। এ কারণে ২০ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা রেজাউল বারীর কাছে যান। তখন তিনি ছাত্রীকে একটি তাবিজ দেন। এতে কিছুদিন সুস্থ থাকলেও পরে আবার অসুস্থ হয়ে পড়ে সে।
পরে রেজাউল বারীর সঙ্গে যোগাযোগ করলে তিনি রাতে ছাত্রীকে নিয়ে তার বাড়িতে যেতে বলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ছাত্রীর বাবা-মা তাকে নিয়ে সেখানে যান।ছাত্রীর পরিবারের অভিযোগ, রেজাউল বারী ছাত্রীর বাবা-মাকে খাটে বসিয়ে মেয়েকে মেঝেতে বসান। এরপর জিন তাড়ানোর কথা বলে ঘরের বাতি বন্ধ করে দেন। বাবা-মায়ের মোবাইল ফোনও তোষকের নিচে রাখতে বলেন।
পরে ঝাড়ফুঁকের নামে বাবা মায়ের উপস্থিতিতেই ছাত্রীর উপর পাশবিক নির্যাতন চালায় । একপর্যায়ে মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে তার মা মোবাইল ফোনের আলো জ্বালান।এ সময় রেজাউল বারীকে মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান তারা । পরে ঘরের বাতি জ্বালালে মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান ।
রাত পৌনে ১১টার দিকে মেয়েকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন তার বাবা-মা। পরে স্বজনদের সঙ্গে কথা বলে রাত দেড়টার দিকে থানায় লিখিত অভিযোগ করেন তারা।শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, এ ঘটনায় ছাত্রীর মা মামলা করেছেন। শুক্রবার দুপুরে রেজাউলকে আদালতে পাঠানো হয়েছে। ওই ছাত্রীও মুন্সীগঞ্জ আদালতে জবানবন্দি দিয়েছে।।
