এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৩ নভেম্বর : ফের শুট আউটের ঘটনা ঘটল বীরভূম জেলার বোলপুর । এবারে আসামি ধরতে গিয়ে দুষ্কৃতীর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হলেন খোদ এক পুলিশকর্মী৷ জানা গেছে, গুলিবিদ্ধ পুলিশ কর্মীর নাম বিশ্বজিৎ দাস । তিনি বোলপুরের শান্তিনিকেতনের প্রান্তিক ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত । তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । বিশ্বজিৎবাবুর বাম হাঁটুতে গুলি লেগেছে বলে জানা গেছে ।
জানা গেছে,নানুর থানার সাঁতরা গ্রামের রতন শেখের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে । আজ সন্ধ্যায় তাকে ধরতে গিয়েছিলেন বিশ্বজিৎ দাস ও প্রান্তিক ফাঁড়ির একজন সাব ইনস্পেকটর । তারা বোলপুর-নানুর সড়কে শান্তিনিকেতনের লায়েক বাজারের ভাঙা মিলের পাশে আসতেই ওই দুষ্কৃতী আচমকা একটা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় । একটি গুলি বিশ্বজিৎ দাসের হাঁটুতে এসে লাগে । পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) অভিষেক রায়-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিকে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। সতর্ক করা হয়েছে পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলা পুলিশকেও।
উল্লেখ্য,কিছুদিন আগেই লায়েক বাজারের কিছুটা পাশেই তিসরাপটি এলাকায় চন্দন ভল্লা নামে এক বিজেপি নেতার মাথায় পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে বাইক আরোহী দুই দুষ্কৃতী । যদিও কয়েক ঘন্টার মধ্যেই ওই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ । কিন্তু সেই ঘটনার জের মিটতে না মিটতেই খোদ এক পুলিশকর্মী গুলিবিদ্ধ হওয়ায় বোলপুরের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে ।।

