এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,০৫ অক্টোবর : টিউশন পড়তে যাওয়া ১২ বছরের ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগের এক গৃহশিক্ষক গ্রেপ্তার হল নদীয়ায়৷ ঘটনাটি ঘটেছে নদীয়ার জানকীনগরের দক্ষিণপাড়া এলাকায় । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম আরিজ শেখ । তার বিরুদ্ধে ওই ছাত্রীকে অশালীন স্পর্শ, বারবার গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ উঠেছে । রবিবার গ্রেপ্তারের পর আজ সোমবার ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয় ।
জানা গেছে,ধৃত আরিজ শেখ জানকীনগর দক্ষিণপাড়ার বাসিন্দা । সে পেশায় গৃহশিক্ষক। একই এলাকার ওই ১২ বছরের নাবালিকা তার কাছে টিউশন পড়ত । অভিযোগ যে,বেশ কিছুদিন ধরে আরিজ শেখ মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করছিল । এমনকি নাবালিকার গোপনাঙ্গে হাত পর্যন্ত দেয় এবং বিষয়টি কাউকে জানালে মারধর এবং প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ ।
জানা গেছে,গত ২ অক্টোবর ফের একই কুকর্ম করে গৃহশিক্ষক আরিজ শেখ । এরপর নির্যাতিতার পরিবার রবিবার বিকেলে মিরাবাজার ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে । তার ভিত্তিতে রবিবার রাতে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ । ধৃত গৃহশিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছে কিশোরীর পুলিশ ।।

