এইদিন স্পোর্টস নিউজ,০৪ অক্টোবর : বিহারের পাটনায় আয়োজিত ইস্ট জোন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ৩ টি রৌপ্য পদক ছিনিয়ে আনলো পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রেনসি দেবাশীষ কুমার মণ্ডলের তিন খুদে শিষ্যা । তাদের মধ্যে মহিলাদের ১১ বছর ও ৪৫ কেজি বিভাগে অয়ন্তিকা সাহা,১৩ বছর কাতা বিভাগে বৈদ্যুতি মন্ডল এবং ১৪/১৫ বছর বয়সের ক্যাডেটে স্নেহাশ্রী দাস রৌপ্য পদক পেয়েছে ।
ইস্ট ইন্ডিয়া ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং জোনাল ক্যারাটে সংস্থার সভাপতি হানসি প্রেমজিৎ সেনের তত্ত্বাবধানে ৩ ও ৪ অক্টোবর, বিহারের পাটনার সেন্ট ডমিনিক স্যাভিও হাই স্কুলে “ষষ্ঠ কে.আই.ও ইস্ট জোন ক্যারাটে-ডো চ্যাম্পিয়নশিপ ২০২৬” আয়োজিত হয় । এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা—এই চারটি রাজ্য থেকে প্রায় ৭৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রেনসি দেবাশীষ কুমার মণ্ডল জানিয়েছেন যে, তার মধ্যে পূর্ব বর্ধমান থেকে মোট ৭ জন প্রতিযোগী পশ্চিমবঙ্গ রাজ্য দল – ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের অফ বেঙ্গলের হয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। এর মধ্যে ৩ জন প্রতিযোগী দুর্দান্ত প্রদর্শন করে মোট ৩টি রৌপ্য পদক অর্জন করেছে।
দেবাশিসবাবু বলেন, “ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন অনুমোদিত এই ইস্ট ইন্ডিয়া জোনাল প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার এই ক্যারাটে খেলোয়াড়দের সাফল্যে আমরা সকলে অত্যন্ত খুশি ও গর্বিত।”।
