এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০২ আগস্ট : বীরভূমের পাথর মাফিয়া নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলুর প্রকৃত সম্পদ কত তা এখনো অজানা । তবে নগদ অর্থ,অলঙ্কার ও দুই শতাধিক গাড়ি মিলে মোট প্রায় ১০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে গতকাল জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । যদিও বীরভূমের পাথর মাফিয়া নাজিবুদ্দিন এখনো অধরা৷ সে বিদেশে পালিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী । এদিকে পুলিশ এই মামলায় লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় শনি ও রবিবার মধ্য রাতে নাজিবুদ্দিনের পাথর খাদানের ম্যানেজার ইফাজুল হকের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের আয়মাপাড়া গ্রামের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ । অনেক কড়া নেড়ে কেউ দরজা না খোলায় পুলিশ পাঁচিল টপকে বাড়িতে ঢোকে । ডাকাডাকি করে পরিবারের সদস্যদের ঘুম থেকে তোলা হয় । ইফাজুল হকের জন্য নির্দিষ্ট দুটি ঘর তালাবন্ধ থাকায় পুলিশ তালা ভেঙে ভিতরে ঢোকে । কয়েকটি ট্যাঙ্কের তালা ভেঙে তল্লাশি চালায় পুলিশ। যদিও তল্লাশিতে তেমন কিছু মেলেনি বলে খবর ।
জানা গেছে,আয়মাপাড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী আনিসুর রহমানের তিন ছেলের মধ্যে মেজ ইফাজুল হক। ছোট ছেলে মোজাফ্ফর হোসেন বোলপুরে একটি হাইমাদ্রাসায় চাকরি করেন। সেখানেই থাকেন। বাড়িতে বৃদ্ধ বাবা মাকে সঙ্গে নিয়ে থাকেন বড় ইফাজুলের দাদা নজরুল হক। তবে বাড়িতে বিশেষ না এলেও তিনতলা পৈতৃক বাড়ির দুটি ঘরে চাবি লাগিয়ে দিয়ে দখল বজায় রেখেছে ইফাজুল । ছেলে সময়মত এসে ধানের ভাগও সে নিয়ে যায় বলে জানিয়েছেন আনিসুর রহমান ।
জানা যায়,পঞ্চাশোর্ধ ইফাজুল বছর ৬ আগে নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলুর পাথর খাদানের ম্যানেজারের কাজে লাগে । ইফাজুলের দিদির শ্বশুরবাড়ি আউশগ্রামের কাঁটাটিকুরি গ্রামে। দিদির শ্বশুরবাড়ির দূর সম্পর্কের আত্মীয় টুলু মণ্ডল। সেই সূত্রে টুলু মণ্ডলের কাছে কাজের সুযোগ পায় ইফাজুল হক ।
জানা গেছে,দিন তিনেক আগে বাড়ি এসেছিল ইফাজুল হক । এদিকে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মন্ডলের বাড়ি থেকে সাড়ে ২৮ কোটি নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধার হওয়ার পর তোলপাড় শুরু হলে গাঢাকা দেয় ইফাজুল । তার বাবা বৃদ্ধ আনিসুর রহমান জানান,তিনদিন আগে বাড়িতে এসেছিলেন ইফাজুল। শনিবার ভোরেই ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে চলে যান। তারপর থেকে ছেলেত সাথে তাদের আর যোগাযোগ হয়নি । পাথর মাফিয়া নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলুর বেআইনি কর্মকাণ্ডের বিষয়ে ইফাজুল হকের কাছ থেকে অনেক তথ্যপ্রমাণ মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা । পুলিশ তার সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে ।।
