এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৮ নভেম্বর : আজ বুধবার ভোররাতে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। দুষ্কৃতীদল রাস্তার মাঝখানে এক ব্যক্তির হাত-পা বেঁধে তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে পালিয়ে যায়। রাস্তার পাশে দগ্ধ অবস্থায় পড়ে থাকা ৪৫ বছর বয়সী এক আবর্জনা সংগ্রাহককে পুলিশ হাসপাতালে ভর্তি করে। কিন্তু পুলিশ জানিয়েছে, চিকিৎসায় ব্যর্থ হওয়ায় আজ সন্ধ্যায় তিনি মারা গেছেন। এই অমানবিক ঘটনাটি গিরিনগর থানায় ঘটেছে এবং নিহত ব্যক্তি হলেন সৈয়দ এইচ।
পুলিশের ভাষ্যমতে, আজ ভোর ৬টার দিকে স্থানীয়রা তাকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান।প্রাথমিক তথ্য অনুযায়ী, আজ সকালে গিরিনগরের রাস্তায় দগ্ধ অবস্থায় এক ব্যক্তির খবর পায় পুলিশ। গিরিনগর পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়।ভিক্টোরিয়া হাসপাতালের বার্নস ডিপার্টমেন্টের ডাক্তার যোগেশ্বরপ্পার নেতৃত্বে একটি চিকিৎসক দল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) অগ্নিদগ্ধের চিকিৎসা করছিল। কিন্তু একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, চিকিৎসায় কোনো ফল হয়নি এবং তিনি মারা যান।
ওই কর্মকর্তা জানান, মৃত ব্যক্তির কোনো পরিবার বা আত্মীয়স্বজন ছিল বলে জানা যায়নি এবং তিনি রাস্তার পাশেই সময় কাটাতেন। তিনি বলেন, “তার নিজের কোনো বাড়ি, ফোন বা পরিচয়পত্র ছিল না। স্থানীয়দের মতে, তিনি বহু বছর ধরে পাডরায়ণপুর এলাকায় বসবাস করছিলেন।” তিনি আরও জানান, ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং আরও তদন্ত চলছে।।
