এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৮ নভেম্বর : আগামী ডিসেম্বর মাসের যেকোনো সময় বাংলাদেশে ফিরতে চলেছেন । তার একমাস আগে কার্যত গৃহযুদ্ধের সম্মুখীন হয়েছে দেশটি । বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অগ্নিগর্ভ পরিস্থিতি । মঙ্গলবার রাতে ঢাকায় পরপর ৪টি বাসে আগুন ধরিয়েছে আওয়ামী লীগের কর্মীরা; রাজধানী ঢাকার ৬টি জায়গায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এখনও হতাহতের খবর মেলেনি।
রাত ৯টা নাগাদ ঢাকার পল্লবীর সিরামিক রোডে পার্ক করা মিরপুর লিংক বাসে প্রথম আগুন লাগানো হয়; ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এর পাশাপাশি মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় আরও তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঢাকার পাশাপাশি অগ্নিগর্ভ হয় গোপালগঞ্জও। ১০ ও ১৫ নভেম্বরের হিংসায় অভিযুক্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেফতারের পর তাঁদের মুক্তির দাবিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করা হয়; পরিস্থিতি উত্তপ্ত হলে থানা ভবন ও পাশের পুলিশ ব্যারাকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং হেফাজতে থাকা নেতা-কর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামলাতে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এরপর গোপালগঞ্জ-৩ আসনের সাংসদ এসএম জিলানির বাড়িতে হামলা ও আগুন লাগানো হয়েছে বলে জানা গিয়েছে।আজ বুধবার তল্পিতল্পা গুটিয়ে টুঙ্গিপাড়া থানা খালি করে পালিয়েছে পুলিশ কর্মীরা ।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। এর জেরে ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় গিয়ে গ্রেপ্তারকৃতদের ছাড়িয়ে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদ থেকে ঘোষণা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয়ে থানায় হামলা ও ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।
আজ গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা: কেম এম বাবরের ক্লিনিকে হামলা-ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ক্লিনিকের আসবাবপত্র বের করে অগ্নিসংযোগ করা হয়।
এদিকে, কাশিয়ানীতে রাতইল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা৷ আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংসদ সদস্য ডাঃ কেম এম বাবরের ক্লিনিকের সামনে জড়ো হন। এক পর্যায়ে ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করে তারা। পরে আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিযে দেয়।
এদিকে নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। অনেকেই বাস টার্মিনালে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন।বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মহম্মদ জাহিদ হোসেন খান বলেন, দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।তিনি জানান, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।
অন্যদিকে, আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে চলাচলকারী কিছু বাস সচল থাকলেও ফরিদপুর মোড়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। এ ছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
২০২১ সালের ১৩ অক্টোবর দুর্গাপূজার অষ্টমীর রাতে কুমিল্লা নগরের নানুয়া দিঘির পাড়ের পূজামণ্ডপে হনুমান মূর্তির কোলে কোরানের একটা কপি রেখে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানো আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ বাহারউদ্দিন বাহারের বাড়িতে ও বাড়ির নিচে ব্যক্তিগত অফিসে আগুন দিয়ে সব জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে ।
দেশ জুড়ে পরিস্থিতি সামলাতে বিরাট সংখ্যায় নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং জায়গায় জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে। প্রসঙ্গত, হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে এবং দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের আবেদন জানিয়েছেন হাসিনা—এই পরিস্থিতির মাঝেই জ্বলছে বাংলাদেশ।।
