এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,০৯ অক্টোবর : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর “বন্ধুত্বের” আহ্বান স্বীকার করলেন নন্দীগ্রামের মুসলিম ভোটাররা । রেকর্ড ভোটে জিতলেন বিজেপি প্রার্থী হাসিরাণী রথ । ১৫ রাউন্ড গণনার শেষে তিনি ১,২২৭৫৩ ভোটে জয়ী হয়েছেন । এই ফলাফলে স্পষ্ট যে, এই উপনির্বাচনে নন্দীগ্রামের বিপুল মুসলিম ভোটও পড়েছে বিজেপির ঝুলিতে ।
উল্লেখ্য,ভোটের প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী দুই কেন্দ্রের মুসলিম ভোটারদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘মুসলিম ভাই-বোনেদের উদ্দেশে বলছি,এখন মুখ ফিরিয়ে থাকার সময় নয়, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন৷ বন্দুত্ব স্বীকার করছেন তো ?’ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে ভোটের ফলাফলে অন্তত মুসলিমদের শুভেন্দুর “বন্দুত্ব স্বীকার” করার ইঙ্গিত মিলেছে । নন্দীগ্রামের পাশাপাশি রেজিনগর বিধানসভা কেন্দ্রেও বিজেপির প্রার্থী শাখারভ সরকার বিপুল ভোটে জয়লাভ করেছেন । তিনি ৭২ হাজার ৭১০ ভোটে জয়ী হয়েছেন ।
তবে নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে বিজেপি প্রার্থীর জয় এক অর্থে উল্লেখযোগ্য । কারন,শুভেন্দু অধিকারী শেষ প্রচারে তার রেকর্ড ভেঙে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন । আর বাস্তবিক ঘটেছেও তাই । গণনা শুরুর পর থেকেই নন্দীগ্রামে শুরু হয় বিজেপি প্রার্থী হাসিরানী রথের একচ্ছত্র আধিপত্য লক্ষ্য করা যায় । দ্বাদশ রাউন্ডের গণনা শেষে তিনি ১ লক্ষের বেশি ভোটের বিপুল ব্যবধানে এগিয়ে গিয়েছেন। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান দ্বিতীয় স্থান ধরে রাখলেও, মূল লড়াই থেকে তিনি অনেকটাই ছিটকে গিয়েছেন। অন্যদিকে, বাম প্রার্থী নেমে গিয়েছেন তৃতীয় স্থানে। বিপুল ভোটে জয় নিশ্চিত হওয়ার পর নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরাণী রথ মুসলিম ও সনাতনী উভয় সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন ।।

