এইদিন বিনোদন ডেস্ক,২৪ নভেম্বর : গত ২০ নভেম্বর বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই একাধিক সিনেমা হল থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি সরিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে সরব হয় টালিগঞ্জ । আজ মঙ্গলবার নবান্নে স্টুডিওপাড়ার সঙ্গে এনিয়ে ভার্চুয়ালি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । মুখ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত ছিলেন মিঠুন চক্রবর্তী,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীজিৎ মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, রুদ্রনীল সেনগুপ্ত এবং ছিলেন একাধিক প্রডিউসার থেকে ফিল্ম ডিস্ট্রিবিউটর ও সিনেমা হল মালিক ।
বৈঠকের শুরুতেই নিজে থেকে প্রসঙ্গটি তুলে বন্ধ হয়ে যাওয়া হলগুলোতে আজ থেকেই ছবিটি পুনরায় চালু করার কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । সেই সময় প্রিয়া সিনেমা হলের মালিককে কার্যত ধমকের সুরে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন,’আপনি কেন ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রদর্শন বন্ধ করে দিয়েছেন? এইসব চলবে না, আগের সরকার করেছে বর্তমান সরকার এইসব একদম মেনে নেবে না।’ মুখ্যমন্ত্রীর এই কড়া নির্দেশের পরই আজ থেকে ফের প্রেক্ষাগৃহে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো চালু হয়েছে বলে খবর ।
পাশাপাশি ভবিষ্যতে যাতে এই প্রকার অচলাবস্থার সৃষ্টি না হয় সেজন্য রাজ্যের সমস্ত মাল্টিপ্লেক্স ও সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা সিনেমা চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । এজন্য একটি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি। বাংলা ভাষার বাদ দিয়ে অন্য ভাষার সিনেমা জোর করে এখানে আনা হলে সেই সিনেমা হলের যিনি মালিক এবং তাঁদের পরিচালনা সমিতির যারা আছেন, তাঁদের কাছে রাজ্য সরকারের চিঠি যাবে। এবং পরবর্তীকালে তাঁদের যদি কোনও সংশোধন না হয়, তাঁদের লাইসেন্স বাতিল হতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।।
