এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১২ জুন : আজ শুক্রবার সন্ধ্যা ৭:১৫ মিনিট নাগাদ উত্তর প্রদেশের ফিরোজাবাদে ১২০০৩ লখনউ শতাব্দী এক্সপ্রেসে আরএসএস সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবতের কোচে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে ।কানপুরের একটি অনুষ্ঠান শেষে দিল্লি ফিরছিলেন ভাগবত । তিনি ই-১ কোচে (আসন ৩৯-৪০) ভ্রমণ করছিলেন। ৫০ নম্বর আসনের কাছে একটি পাথর সজোরে এসে আঘাত করলে জানালার কাচ ভেঙে যায় । এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।উত্তর মধ্য রেলওয়ের সিপিআরও শশীকান্ত ত্রিপাঠি জানান যে, ভাগবত ই১ কোচের ৩৯ ও ৪০ নম্বর আসনে ভ্রমণ করছিলেন এবং পাথরটি ৫০ নম্বর আসনের কাছে এসে লাগে। পাথরটি বাইরের কাচে আঘাত হানলেও কোনো যাত্রী আহত হননি।এই ঘটনার পর ট্রেনটিকে এসকর্ট দেওয়া হয় এবং এটি দিল্লির দিকে যাত্রা অব্যাহত রাখে।
ফিরোজাবাদের এসএসপি আদিত্য লাঙ্গেহ বলেন, “গতকাল রসুলপুর থানা এলাকা দিয়ে কানপুর থেকে দিল্লিগামী শতাব্দী এক্সপ্রেস যাচ্ছিল। আরপিএফ এবং জিআরপি-র মাধ্যমে পুলিশ খবর পায় যে, কেউ ট্রেনটিতে পাথর ছুঁড়েছে, যার ফলে একটি জানালার কাচ ভেঙে গেছে। স্থানীয় পুলিশ, জিআরপি এবং আরপিএফ-এর দল অবিলম্বে ঘটনাস্থলে ছুটে যায় এবং কর্মকর্তারা তদন্ত চালান। আমরা ৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেছি, যা আমাদের তিনজন নাবালককে শনাক্ত করতে সাহায্য করেছে, যারা আবর্জনা কুড়ানি হিসেবে কাজ করে৷’
তিনি বলেছেন,’ফুটেজে স্পষ্টভাবে দেখা যায় যে তাদের মধ্যে একজন ট্রেনটিতে পাথর ছুঁড়ছে। সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ট্রেনে কারা ভ্রমণ করছিলেন সে সম্পর্কে তারা অবগত ছিল না। আরও তদন্তে জানা যায় যে, এই তিন কিশোরই চুরির মামলায় অপরাধমূলক রেকর্ড রয়েছে; আরপিএফ এর আগে ২০২৪ সালে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল। তিনজনের মধ্যে দুজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং তৃতীয়জনকে শনাক্ত করা হয়েছে ও তাকেও অবিলম্বে আটক করা হবে। এখন তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হবে।” রসলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।।
