এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৪ এপ্রিল : জোর ধাক্কা খেলেন আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল । আপ পার্টির সাংসদ রাঘব চাড্ডা আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন । তার সাথে যোগ দিলেন সন্দীপ পাঠক এবং অশোক মিত্তালও । আম আদমি পার্টি থেকে পদত্যাগ করার পর রাঘব চাড্ডা ওই দু’জনকে সাথে নিয়ে আজ সোজা চলে যান দিল্লিতে বিজেপির সদর দফতরে । বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন তাদের মিষ্টিমুখ করিয়ে স্বাগত জানান। রাঘব চাড্ডা স্পষ্ট করে দেন যে রাজ্যসভায় থাকা ১০ জন এএপি সাংসদের মধ্যে সাতজন তাঁর সঙ্গেই আছেন এবং তিনি সাংবিধানিক বিধান মেনেই বিজেপিতে যোগ দিচ্ছেন।
সাংবাদিক সম্মেলনে রাঘব চাড্ডাকে আবেগপ্রবণ দেখাচ্ছিল এবং তিনি নিজেকে “ভুল দলে সঠিক ব্যক্তি” হিসেবে বর্ণনা করেন। তিনি অভিযোগ করেন যে, আম আদমি পার্টি এখন তার মূল মূল্যবোধ ও নৈতিকতা থেকে সম্পূর্ণভাবে বিচ্যুত হয়েছে এবং জাতীয় স্বার্থের পরিবর্তে ব্যক্তিগত লাভের জন্য কাজ করছে।।
