রাহুল রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১১ সেপ্টেম্বর : জাতীয় গো সুরক্ষা বাহিনীর গোসেবা সংঘের পূর্ব বর্ধমান জেলা সভাপতির দায়িত্ব পেলেন কাটোয়ার গাঙ্গুলিডাঙ্গা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন সেখ। তাঁর নাম জেলা সভাপতি হিসেবে ঘোষণার পর বৃহস্পতিবার গাঙ্গুলিডাঙ্গায় সাংবাদিক বৈঠক করেন নবনির্বাচিত জেলা সভাপতি।সাংবাদিক বৈঠকে আনোয়ার হোসেন সেখ জানান, জাতীয় গো সুরক্ষা বাহিনীর গোসেবা সংঘ একটি অরাজনৈতিক সংগঠন। গরু সুরক্ষা ও গোসেবার পাশাপাশি অসহায়, অসুস্থ এবং রাস্তায় থাকা গরুগুলির যত্ন নেওয়াই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। পূর্ব বর্ধমান জেলাজুড়ে আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন,’রাস্তায় অসহায় অবস্থায় থাকা গরুগুলিকে চিহ্নিত করে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করা হবে। পাশাপাশি তাদের খাবার, চিকিৎসা এবং প্রয়োজনীয় সেবা-শুশ্রূষার দিকেও নজর দেওয়া হবে।’গরু পাচার রুখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
নবনির্বাচিত জেলা সভাপতি আরও জানান, পূর্ব বর্ধমান জেলায় একটি গোশালা তৈরির পরিকল্পনাও রয়েছে। সেখানে অসুস্থ, অসহায় ও পরিত্যক্ত গরুগুলিকে রাখার পাশাপাশি তাদের নিয়মিত খাবার ও চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। ধাপে ধাপে এই পরিকল্পনাগুলি বাস্তবায়নের দিকে এগোনো হবে বলে জানান তিনি।
এদিনের সাংবাদিক বৈঠক থেকেই সংগঠনের জেলা কমিটি গঠনের বিষয়েও জানান আনোয়ার হোসেন সেখ। জেলার বিভিন্ন প্রান্তে সংগঠনের সদস্যদের নিয়ে কমিটি তৈরি করা হবে। সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি গোসেবা ও গরু সুরক্ষার কাজে সাধারণ মানুষকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
নতুন দায়িত্ব পাওয়ার পর পূর্ব বর্ধমান জেলায় গোসেবা ও গরু সুরক্ষার ক্ষেত্রে একাধিক কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন আনোয়ার হোসেন সেখ। আগামী দিনে সংগঠনের কার্যক্রম জেলার বিভিন্ন এলাকায় কতটা বিস্তৃত হয়, এখন সেদিকেই নজর থাকবে।।

