এইদিন স্পোর্টস নিউজ,১১ সেপ্টেম্বর : উইমেন্স এশিয়া কাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ নারী দল। এই উত্তেজনাপূর্ণ নকআউট ম্যাচে ভারত ৪০ রানে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে।
ভারতীয় নারী দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করে এক বিস্ফোরক ব্যাটিং প্রদর্শন করে। ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ মাত্র ১০৯ রান করতে সক্ষম হয় এবং ৪০ রানে পরাজিত হয়।
টসে হেরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া ভারত ভালো শুরু করতে পারেনি। সুলতানা খাতুনের বলে মাত্র ২ রান করে আউট হন তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। এরপর ক্রিজে এসে শেফালিকে সঙ্গ দেন প্রতিকা রাওয়াল (২৪ বলে ২০ রান)। কিন্তু রান রেট বাড়ানোর পুরো দায়িত্ব ছিল শেফালির কাঁধে। শেফালি ভার্মা একেবারে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেন। তিনি মাত্র ৪০ বলে ৬৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন।হরমনপ্রীত কৌর ২৪ এবং রিচা ঘোষ ২১ রান করেন । ফলে ভারত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রান তুলতে সক্ষম হয়। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ৩০ রানে ২ উইকেট,রাবেয়া খান ২২ রানে ১ উইকেট এবং নাহিদা আক্তার ২৫ রান দিয়ে ১ উইকেট নেন ।
বাংলাদেশের পক্ষে ব্যাট করতে নেমে ঝর্ণা আক্তার ২২(অপরাজিত),দিলারা আক্তার ১৯ এবং নিগার সুলতানা ১৯ রান করেন । ভারতের পক্ষে দীপ্তি শর্মা ২৬ রানে ৩ উইকেট, নন্দিনী শর্মা ১০ রানে ২ উইকেট এবং প্রেমা রাওয়াত ২১ রানে ১ উইকেট নিয়েছেন।।

