এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৬ অক্টোবর : জম্মু ও কাশ্মীর থেকে ১৫০ জন অবৈধ বাংলাদেশিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিমানে করে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়, যেখানে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে । এদিকে নিজের দেশের নাগরিকদের ঢুকতে দেবে না বলে সীমান্তে সেনা মোতায়েন করে দিয়েছে বাংলাদেশ । বাংলাদেশের পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মহম্মদ কায়েস বলেছেন,’আমরা এ ধরনের খবর জেনেছি বিভিন্ন মাধ্যমে। তবে কোনোভাবেই যেন পুশইন না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আগে থেকেই আছি। এ খবর পাওয়ার পর সীমান্তে সতর্কতা আরও বাড়ানো হয়েছে। একই সাথে গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল বাড়িয়েছি।’ তারা সকলের সহযোগিতা নিয়ে কাজ করছেন, বলেন বিজিবির এই কর্মকর্তা।
উল্লেখ্য,জম্মু-কাশ্মীরে থেকে এটিই প্রথম কোনো প্রকাশ্যে নথিভুক্ত বৃহৎ পরিসরের ফেরত পাঠানোর ঘটনা। সরকারি রেকর্ড অনুযায়ী জম্মু ও কাশ্মীরে মোট ৫০৪ জন অবৈধ বাংলাদেশি নাগরিক রয়েছে । আটক ১৫০ জন তাদেরই অংশ।
পুলিশ সূত্রের খবর,কাশ্মীরে কর্মরত শ্রমিকদের নিবন্ধনের জন্য আধার কার্ড জমা দিতে বলা হয়েছিল। সে সময় আধার কার্ডের তথ্যে গরমিল বা অসঙ্গতি ধরা পড়লে বিষয়টি বাংলাদেশে পাঠিয়ে তাদের জাতীয়তা নিশ্চিত করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ‘ফরেনার্স অ্যাক্ট’ এর অধীনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।
এক পুলিশ কর্তা বলেন,’পশ্চিমবঙ্গে দুটি ট্রানজিট পয়েন্ট আছে। একটি মালদা, আরেকটি বাগডোগরা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের পাহারা দিয়ে সীমান্ত পার করে দিয়েছে। তার আগে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে তাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়।’ তবে মালদা নাকি বাগডোগরা, ঠিক কোন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি তিনি ।
বাগডোগরা পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার একটি গুরুত্বপূর্ণ এলাকা। এর অপরপাশে অর্থাৎ দক্ষিণ দিকে বাংলাদেশের পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত। অন্যদিকে মালদা পশ্চিমবঙ্গে উত্তরাঞ্চলীয় জেলা। এর অপরপাশে বাংলাদেশের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত।
জনমিতিগত পরিবর্তন রুখতে অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাভালকারের নেতৃত্বে ভারতের কেন্দ্রীয় সরকার গঠিত উচ্চ পর্যায়ের একটি কমিটি সম্প্রতি জম্মু ও কাশ্মীর পরিদর্শনের কয়েক মাস পর এই বাংলাদেশিদের ফেরত পাঠানো হল।
কমিটির নথিতে জম্মু ও কাশ্মীরে মোট ৫০৪ জন বাংলাদেশি নাগরিকের উপস্থিতি রেকর্ড করা হয়, যার মধ্যে ৪৬ জন জম্মুতে এবং বাকি ৪৫৮ জন কাশ্মীরে অবস্থান করছে । জম্মু ও কাশ্মীর প্রশাসন আটক বাংলাদেশিদের আরও একটি দলকে ৭ অক্টোবর ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে ।
তবে একটা বিষয় চিন্তায় ফেলেছে,এই অবৈধ বাংলাদেশিরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে জম্মু ও কাশ্মীরে ঘিয়ে ঘাঁটি গাড়ে৷ আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, অবৈধ রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি উভয়ই বিশেষভাবে জম্মুতেই বসতি স্থাপন করছে। মনে করা হচ্ছে যে,এটি জম্মুকে একটি নির্দিষ্ট উপায়ে পরিবর্তন করা এবং এর জনবিন্যাস পাল্টে দেওয়ার একটি কৌশলগত পরিকল্পনা।
আসলে,জনসংখ্যাতাত্ত্বিক আগ্রাসন হলো নতুন এক নীরব যুদ্ধ। সৈন্যবিহীন এক যুদ্ধ, যা পরিসংখ্যান দিয়ে পরিচালিত হয়। এটি একই সাথে স্থিতিশীলতা, অর্থনীতি এবং পরিচয়কে লক্ষ্যবস্তু বানায়। শত্রুকে আক্রমণ করার প্রয়োজন নেই, তাদের শুধু সংখ্যাবৃদ্ধি করতে হবে।।

