এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ মে : পূর্ব বর্ধমান জেলার ভাতারের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । খবর পেয়ে আহত মানগোবিন্দবাবুকে উদ্ধার করে নিজের গাড়িতে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন বর্তমান বিজেপি বিধায়ক সৌমেন কার্ফা । ঘটনাটি ঘটেছে আজ বুধবার সন্ধ্যায় ভাতারের এরুয়ার গ্রামে । উত্তেজনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
এরুয়ার গ্রামেই বাড়ি মানগোবিন্দ অধিকারীর । স্থানীয় সূত্রে খবর,আজ বিকেলে এরুয়ার গ্রামে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়ায় । স্থানীয় তৃণমূল কর্মী চন্দন ঠাকুরের বাড়িতে একদল বিজেপি কর্মীসমর্থক চড়াও হয়। খবর পেয়ে চন্দন ঠাকুরকে বাঁচাতে সেখানে ছুটে যান মানগোবিন্দ অধিকারী । সেই সময়ই বিজেপি কর্মীরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ ।
জানা গেছে,এমনিতে বেশ কিছুদিন ধরে বিভিন্ন । শারিরীক অসুস্থতায় ভুগছেন মানগোবিন্দবাবু । তার উপর এই ঘটনায় তিনি আরও অসুস্থ হয়ে পড়েন । তিনি বাড়ি চলে আসেন । এই খবর পেয়ে এরুয়ারে পৌঁছে যান বিজেপি বিধায়ক সৌমেন কার্ফা। তিনি মানগোবিন্দ অধিকারীর বাড়িতে গিয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম দাবি করেন,’চন্দন ঠাকুর নামে আমাদের এক কর্মীকে বাঁচাতে গিয়েই আক্রান্ত হয়েছেন মানগোবিন্দ অধিকারী।’ তার অভিযোগ, বিজেপি কর্মীরা পরিকল্পিত ভাবেই আজ হামলা চালায় । যদিও এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন সৌমেন কার্ফা৷ তার দাবি,’চন্দন ঠাকুর সরকারি আবাস যোজনার বাড়ি করে দেওয়ার নামে গ্রামের বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন । সেই টাকা ফেরতের দাবিতে গ্রামবাসীরা একজোট হয়ে তাঁর বাড়িতে গিয়েছিল।। সেই সময় চন্দন ঠাকুরকে বাঁচাতে গিয়ে জনরোষের মুখে পড়েন মানগোবিন্দ অধিকারী।’ এলাকায় উত্তেজনা থাকায় টহল দিচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।।
