এইদিন বিনোদন ডেস্ক,২৯ অক্টোবর : প্রবীন অভিনেতা পিযুষ মিশ্রের পর এবার নাসিরুদ্দিন শাহের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন অভিনেতা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII)-এর প্রাক্তন চেয়ারম্যান গজেন্দ্র চৌহান । তিনি নাসিরুদ্দিন শাহকে কড়া ভাষায় আক্রমণ করে তাঁর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন! তিনি বলেছেন,”মিস্টার নাসির, আমি আপনার একটি ভিডিও দেখেছি। সেটি দেখে আমি দুঃখ ও হতাশা দুটোই পেয়েছি। আপনি এত জনপ্রিয় একজন অভিনেতা। এই দেশ এবং এর মানুষ আপনাকে এত খ্যাতি, স্বীকৃতি এবং সম্মান দিয়েছে, অথচ আপনার ভাষার মান এত নিচে নেমে গেছে !”
তিনি বলেছেন,”আপনি নিজেকে ‘দিমাগি নকশাল’ বলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো দেশ থেকে নকশালবাদ নির্মূল করার জন্য পদক্ষেপ নিয়েছেন। তাহলে, এই নকশালবাদ এখন কোথা থেকে এলো? আপনি যদি নিজেকে মানসিক নকশাল মনে করেন, তবে আপনি এক বিভ্রমের মধ্যে বাস করছেন এবং নিজের কল্পনার জগতে হারিয়ে গেছেন।”
গজেন্দ্র চৌহান বলেছেন,”আপনি সবসময় সরকার এবং শাসক দলের সমালোচনা করেন। আমি আপনার অনেক ভিডিও এবং বিবৃতি দেখেছি, এবং আপনার মতামত সবসময় একপাক্ষিক। আপনি বিরোধী দল সম্পর্কে কিছুই বলেন না, আবার সরকারের ভালো কাজের প্রশংসাও করেন না। দেশে যখন ভালো কিছু ঘটে বা সরকার কোনো ইতিবাচক উদ্যোগ নেয়, তখন আপনার সে সম্পর্কেও কথা বলা উচিত। এই ধরনের কাজের প্রশংসা করে আপনার টুইটও করা উচিত ।”
বিজেপিকে নিয়ে নাসিরুদ্দিন শাহের মন্তব্যের জবাবে অভিনেতা বলেন, “নাসির হয়েই থাকুন, নাসূর হবেন না।” তিনি বলেছেন,”সরকারের বিরোধিতা করার যদি আপনার এতই আগ্রহ থাকে, তাহলে নির্বাচনে লড়ছেন না কেন?” এরপর তিনি বলেন,”আমি আপনাকে যেকোনো জায়গা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি। আমি আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে আপনাকে পরাজিত করবই । এই দেশ আপনাকে একজন শিল্পী হিসেবে এত সম্মান, এত মর্যাদা দিয়েছিল, আর এখন তার সব কিছুই আপনি নষ্ট করে দিয়েছেন ।”
গজেন্দ্র চৌহান বলেন,”আমি বিজেপির একজন কর্মী। আমিও দলকে অনুরোধ করব, নাসিরুদ্দিন শাহ যেখানেই লড়ুন না কেন, আমাকে যেন তার বিরুদ্ধে প্রার্থী করা হয় । এবং আমি আপনাকে পরাজিত করবই ৷ এটা আমার চ্যালেঞ্জ ।”

