এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ অক্টোবর : তিনজনকে অর্ধনগ্ন অবস্থায় ঘোরানোয় কলকাতা পুলিশ কমিশনারকে একটি নোটিশ জারি করল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। কেন্দ্রীয় সংস্থাটি এই বিষয়ে এক্স-এ জানিয়েছে যে, এই ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে কলকাতা পুলিশ কমিশনারকে একটি নোটিশ জারি করে দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঘটনার সূত্রপাত, গত রবিবার সন্ধ্যায়৷ বেহালার বসুন্ধরা পার্ক এলাকায় এক নাবালিকার সঙ্গে তার প্রেমিক হাত ধরাধরি করে গল্প করার অপরাধে ন্যাক্কারজনক ঘটনা ঘটায় কিশোরীর পরিবার । কিশোরীর পরিবারের সদস্যরা প্রথমে ওই তরুণ ও তাঁর বন্ধুকে আটকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অভিযোগ ওঠে, শুধু মারধরই নয়, আগ্নেয়াস্ত্রের মুখে ওই তরুণ, তাঁর বন্ধু এবং ওই তরুণের বাবাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটাতে বাধ্য করেছিল নাবালিকার পরিবার। এই ঘটনায় পুলিশ পরবর্তীতে নাবালিকার বাবা, মা, মামা এবং তাদের এক বন্ধুকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণের সময় প্রকাশ্য দিবালোকে কিশোরীর বাবা প্রদীপ সরকার,মামা রাহুল বর্মন ওরফে ভুলু এবং এবং ভিডিও পোস্টকারী শংকর সাউকে অর্ধনগ্ন করে রাস্তায় ঘোরায় বেহালার সরশুনা থানার পুলিশ ।সেই সময় পুলিশের উপস্থিতিতে ৩ জন অভিযুক্তকে খালি গায়ে ও খালি পায়ে ১০০ মিটারের বেশি রাস্তা হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও জাতীয় মানবাধিকার কমিশন এটাকে পুলিশের “অবমাননাকর ও নির্মম আচরণ” বলে মনে করছে৷ এই ঘটনায় যুক্ত বা দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব তলব করেছে কমিশন ।।

