এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),৩১ জুলাই : মুরগি চুরি রুখতে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বিল্বগ্রামের একটি পোল্ট্রি ফার্মের চারপাশে বিদ্যুৎবাহী তার ছড়িয়ে রেখেছিল ফার্ম মালিক । রাতে পুকুরে মাছ ধরতে গিয়ে সেই তারের সংস্পর্শে এসে মর্মান্তিক ভাবে মৃত্যু হয় স্থানীয় এক ব্যক্তির । একাংশের সন্দেহ হয়েছিল রাতের অন্ধকারে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয়েছিল জিতেনের। তবে পরিবার থেকে পড়শিদের সন্দেহ ছিল খুন করা হয়েছে তাঁকে। অবশেষে ওই ঘটনায় পোল্ট্রি ফার্মের মালিককে গ্রেপ্তার করল গুসকরা ফাঁড়ির পুলিশ। পুলিশ জানায় ধৃতের নাম ডালিম শেখ। বিল্বগ্রামেই তাঁর বাড়ি। পুলিশের কাছে ধৃত ডালিম স্বীকার করেছে, মুরগি চুরি আটকাতে পোল্ট্রি ফার্মের চারদিকে বিদ্যুৎ তার বিছিয়ে রেখেছিলেন তিনি। ওই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় জিতেন বাগদি (৪০) নামে ওই ব্যক্তির । গতকাল রাতে ডালিম শেখকে গ্রেপ্তার করার পর আজ শুক্রবার তাঁকে বর্ধমান আদালতে পাঠানো হয়। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছে ।
মৃত জিতেন বাগদি জনমজুরের কাজ করতেন । বিল্বগ্রামেই তার বাড়ি । ওই গ্রামের একটি পুকুর পাড়ে রয়েছে ডালিম শেখের পোল্ট্রি ফার্ম । সোমবার রাতে তিনি ওই পুকুরে মাছ ধরতে বেড়িয়ে আর বাড়ি ফেরননি। মঙ্গলবার সকালে পুকুর পাড়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা । দেহের পাশে পড়েছিল মাছ ধরার হাতজাল এবং একটি টর্চ । ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রচুর লোকজন জড়ো হয়ে যায়। পাড়ার লোকজন সেদিনই অভিযোগ তুলেছিলেন রাতে মাছ ধরতে যাওয়ার সময় জিতেনকে আক্রোশের বশে খুন করা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট জানতে পারার পর ঘটনাস্থলের আশপাশের পরিবেশ খতিয়ে দেখে। তখনই পুলিশের নজরে পড়ে পোল্ট্রি ফার্মের চারধারে বিদ্যুৎবাহী খোলা তার বিছিয়ে রাখা হয়েছে। তখনই ফার্ম মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরায় ডালিম শেখ জানায় মুরগি চুরি ঠেকাতে বিছিয়ে রাখা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিতেনের মৃত্যু হয়েছিল। এরপর বিদ্যুৎ লাইন অফ করে দেহটি টেনে পুকুর পাড়ে সরিয়ে দিয়ে এসেছিল সে। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করা হয়েছে ।
জানা গেছে,মৃতের ছেলে পরিযায়ী শ্রমিক। বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরে এসেছেন। পরিবার পরিজন থেকে প্রতিবেশীরা ঘাতক ডালিম শেখের সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছেন ।।
