এইদিন ওয়েবডেস্ক,কালনা(পূর্ব বর্ধমান),২৩ সেপ্টেম্বর : এক বছর আগে মেয়ের মৃত্যুর দিনেই শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল মায়ের ঝুলন্ত দেহ । এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত বাঘনাপাড়ার ফড়িংগাছি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ঝুমা বিশ্বাস । মৃতার বাপের বাড়ির অভিযোগ,পরকীয়া সন্দেহে ঝুমাকে শ্বাসরোধ করে খুন করার পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন । যদিও এনিয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের হয়নি বলে খবর । এদিকে এলাকা ছেড়ে পালিয়েছে মৃতার স্বামী গোবিন্দ বিশ্বাস । পুলিশ তাকে খুঁজছে ।
জানা গেছে,নদীয়ার শান্তিপুরের বাগানে পাড়া এলাকায় বাপের বাড়ি মৃতা ঝুমা বিশ্বাসের । প্রায় ১৪ বছর আগে কালনা থানার অন্তর্গত বাঘনাপাড়ার ফড়িংগাছি এলাকার বাসিন্দা গোবিন্দ বিশ্বাসের সাথে তার দেখাশোনা করে বিয়ে হয় । মৃতার বাপের বাড়ির অভিযোগ,গোবিন্দ নেশায় আসক্ত । সেই সাথে সে ঝুমাকে সন্দেহ করত । প্রায় দিনই নেশা করে বাড়ি ফিরে সে ঝুমাকে মারধর করত বলে অভিযোগ ।
মৃতার পরিবার সূত্রে জানা গেছে,মঙ্গলবার গভীর রাতে গোবিন্দ বিশ্বাস তার শ্বশুরবাড়িতে ফোন করে জানায় যে ঝুমা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন । আজ বুধবার ভোরে শান্তিপুর থেকে তারা কালনা মহকুমা হাসপাতালে এসে বধূর মৃতদেহ পড়তে থাকতে দেখেন ৷ কিন্তু মৃতার বাপের বাড়ির লোকজন আসার আগেই গোবিন্দ পালিয়ে যায় বলে অভিযোগ । উল্লেখ্য,মৃতা ঝুমা বিশ্বাসের দুই মেয়ে । গতবছর একই দিনে বধূর ছোট মেয়ের সাপের কামড়ে মৃত্যু হয় ।।

