এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২২ সেপ্টেম্বর : গোষ্ঠীর মহিলাদের অজান্তে প্রায় কোটি টাকার ব্যাঙ্কঋণ নিয়ে চম্পট দিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সিএসপি ( কমিউনিটি সার্ভিস প্রভাইডার) । এদিকে সিএসপি- কে না পেয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছে ঋণ পরিশোধের নোটিশ পাঠিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ । ক্লোজ করে দেওয়া মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট । আর অন্নপূর্ণা যোজনার অনুদানও তুলতে পারছেন না হতদরিদ্র পরিবারের ওই সমস্ত মহিলারা ৷ নিরুপায় হয়ে শেষ পর্যন্ত তাঁরা ব্যাঙ্কের সামনে এসে তুমুল বিক্ষোভ দেখালেন । আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখার সামনে শতাধিক মহিলাদের এই বিক্ষোভ ঘিরে তোলপাড় পড়ে যায় এলাকায় । ঋণ আত্মসাতের ঘটনায় বাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধেও উঠছে অভিযোগের আঙুল । বিক্ষোভকারী মহিলাদের প্রশ্ন,গোষ্ঠীর মহিলাদের সঙ্গে কথা না বলেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ কিভাবে গোষ্ঠীর নামে লক্ষ লক্ষ টাকার ঋণের অনুমোদন দিয়েছিল ?
জানা গেছে,ভাতারের আমারুন ২ গ্রামপঞ্চায়েত এলাকার কুবাজপুর, এড়াচিয়া, বিজিপুর প্রভৃতি গ্রাম মিলে প্রায় ১৮০ টি স্বনির্ভর গোষ্ঠীর সিএসপি ( কমিউনিটি সার্ভিস প্রভাইডার)-এর দায়িত্বে ছিলেন কুবাজপুর গ্রামের বাসিন্দা দুলালী মুখোপাধ্যায়। তার বিরুদ্ধে অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীদের মহিলাদের না জানিয়েই তিনি লক্ষ লক্ষ ঋণ তুলে সেই টাকা হাতিয়ে নিয়েছেন । ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ২০১৭ সাল থেকেই গোষ্ঠীদের নামে ধাপে ধাপে ওই ঋণ নেওয়া হয়েছিল।
ইতিপূর্বে দুলালী মুখোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করে টাকা ফেরতের দাবিতে মহিলারা একাধিকবার বিক্ষোভ দেখিয়েছিলেন। তাঁরা ব্লক প্রশাসন থেকে পুলিশের কাছেও বিষয়টি জানিয়েছিলেন। লাগাতার বিক্ষোভের মুখে পড়ে দুমাস আগেই দুলালী মুখোপাধ্যায় গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন। এদিকে সিএসপি-কে না পেয়ে ঋণ পরিশোধের জন্য গোষ্ঠীর মহিলাদের কাছে লাগাতার নোটিশ পাঠাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ । শুধু নোটিশ পাঠানোই নয়, তাঁদের অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হয়েছে। ফলে তাঁদের অনেকেই জমা টাকা তুলতে পারছেন না। অন্নপূর্ণা যোজনা সহ সরকারি সহায়তা প্রকল্পের ভাতার টাকাও তুলতে পারছেন না।ব্যাঙ্ক ম্যানেজার জানান, ওই সমস্যা নিয়ে ব্যাঙ্কের পক্ষ থেকে লোক আদালতে আবেদন জানানো হয়েছে।
এই ঘটনায় ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশে দাঁড়িয়েছে সিপিএম । এদিন মহিলাদের বিক্ষোভে অংশ নিতে দেখা যায় সিপিএমের কৃষক সংগঠনের নেতা মিজানুর রহমানসহ কয়েকজন নেতাকে । স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণের জাল থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম ।।

