এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৪ অক্টোবর : ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Israeli Prime Minister Benjamin Netanyahu) ফ্লাই দুবাইয়ের (Flydubai) ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের (Flydubai Captain Smit Machchhar) সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরবর্তী ইসরায়েলি স্বাধীনতা দিবসে (Israeli Independence Day) আমন্ত্রণ জানান ।ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, “আমি আপনাকে এবং আমার প্রিয় বন্ধু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমাদের পরবর্তী স্বাধীনতা দিবসে বিজয়ের মশাল প্রজ্বলন করার জন্য আমন্ত্রণ জানাতে চাই। আপনি ভারত ও ইসরায়েলের সাহসী জনগণের একজন প্রকৃত নায়ক এবং আপনি সমগ্র বিশ্বের একজন নায়ক। আমি আপনার দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করি ।”
দুবাই থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবগামী ফ্লাইটে জিহাদি হামলার চেষ্টা করে ওমানি সহ- পাইলট৷ ঘটনার মুহুর্তের বিবরণ ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের কাছে শুনতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । স্মিত মাচ্ছার বিবরণ দিতে গিয়ে জানান,তার সহ-পাইলট নামাজ পড়বে বলে জানায় । এরপর সে তার পিছনে বসে নামাজ পড়তে থাকে৷ সেই সময় তিনি সামনের দিকে তাকিয়ে নিজের আসনে বসেছিলেন৷ মিনিট পাঁচেক করে হঠাৎ তার মাথায় প্রচন্ড আঘাত লাগে । প্রথমে তিনি মনে করেন যে বিমানের কোনো যন্ত্রাংশ খুলে তার মাথায় এসে পড়েছে । কিন্তু তার ভুল ভাঙে যখন একের পর এক আঘাত তার উপর আসতে থাকে । তিনি ককপিটের নিচে পড়ে যান৷ এদিকে বিমান দ্রুত গতিতে নিচে নামতে থাকে ।
স্মিত মাচ্ছার জানান,প্রথম আঘাতের পর তিনি প্রায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন । রক্তাক্ত অবস্থায় নিশ্চিত মৃত্যু জেনেও তিনি ককপিটের দরজা কোনো রকমে খোলার চিন্তা তার মাথায় কাজ করছিল । ককপিটের দরজা বাইরে থেকে খোলা যায়না,কারন সেখানে একটা কোড লাগে । বাইরে থাকা তার সহকর্মীরা কোড প্রয়োগ করলেও ওমানি সহপাইলট দরজা খোলার অনুমতি দিচ্ছিল না । তারপর কোনো রকমে তিনি শক্তি সঞ্চয় করে দরজার হ্যান্ডেলে চাপ দিয়ে সেটি খুলতে সক্ষম হন ।
বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন,’আপনি শুধু ১৭৪ জনের প্রাণ বাঁচাননি, বরঞ্চ দুষ্টের বিরুদ্ধে গোটা মানবতাকে বাঁচিয়েছেন । আপনি ইসরায়েলের নায়ক । আপনি ভারতের নায়ক । আপনি গোটা বিশ্বের নায়ক । আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য গোটা ইসলায়েল অধীর আগ্রহে অপেক্ষা করছে ।’স্মিত মাচ্ছার জানান,তিনিও পরিবারকে সাথে নিয়ে ইসরায়েল যেতে আগ্রহী । তখন নেতানিয়াহু জানান যে,তাদের “উষ্ণ অভ্যর্থনা” জানানো হবে ।
টাইমস অফ ইসরায়েল জানিয়েছে,চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি যাত্রীবোঝাই একটি বিমান বিধ্বস্ত করার চেষ্টাকারী ফ্লাইদুবাইয়ের সহ-পাইলটকে উগ্রপন্থী হয়ে ওঠার আশঙ্কায় ওমান বিমান চালনা থেকে নিষিদ্ধ করেছিল বলে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন।তা সত্ত্বেও, সহ-পাইলট ফ্লাইদুবাইয়ের দুবাই থেকে তেল আবিব রুটে বিমানটি চালিয়েছিলেন। বুধবার তিনি পাইলটকে ছুরিকাঘাত করেন এবং প্রত্যক্ষদর্শীদের মতে, একটি সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টায় বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেন।জার্নালটি নিশ্চিত হতে পারেনি যে মাস্কাট তার উদ্বেগগুলো অন্যান্য দেশ বা বিমান সংস্থাগুলোর সঙ্গে ভাগ করে নিয়েছিল কিনা।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডাব্লিউএএম-এর উদ্ধৃতি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি বলেছেন, বুধবারের ফ্লাইদুবাই ফ্লাইট ১০৭৩ ছিনতাইয়ের চেষ্টার তদন্তে প্রকাশ পেয়েছে যে, ওমানি কো-পাইলট একটি “সন্ত্রাসী কর্মকাণ্ডের” অংশ হিসেবে ককপিটের জরুরি কুড়াল দিয়ে ভারতীয় ক্যাপ্টেনকে আক্রমণ করেছিলেন।
সাধারণত বিমান সংস্থাগুলোকে ককপিটে ক্র্যাশ অ্যাক্স রাখতে হয়, যা জরুরি অবস্থায় পালানোর জন্য জানালা ভাঙতে বা আগুন লাগলে তার কাছে পৌঁছানোর জন্য কোনো প্যানেল ভাঙতে ব্যবহার করা হয়। আল শামসি বলেন, ঘটনার পরিস্থিতি, উদ্দেশ্য ও এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো যোগসূত্র নির্ধারণের পাশাপাশি ভৌত ও ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।।

