এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,২০ নভেম্বর : এক বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলাকে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন থেকে আটক করল জিআরপি । বৃহস্পতিবার এনজেপি স্টেশনে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে শিলিগুড়ি জিআরপির এসওজি টিম এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ । আটক মহিলা হায়দরাবাদ যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানা গেছে । বছর ত্রিশের ধৃত মহিলার নাম ওদেরা আক্তার।তিনি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। আজ শুক্রবার মহিলাকে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ধৃত মহিলাকে জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে ।
জানা গেছে,গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে ডাউন চেরালাপল্লি এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই মহিলা।আগে থেকেই তার গতিবিধি এবং পরিচয় সম্পর্কে তথ্য ছিল তদন্তকারী আধিকারিকদের কাছে।সেই সূত্র ধরেই বৃহস্পতিবার ট্রেনটি এনজেপি স্টেশনের ৬নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই তল্লাশি অভিযান শুরু করেন জিআরপির আধিকারিকরা।এরপর ট্রেনের জেনারেল কামরা থেকে তাকে আটক করা হয়। মহিলা ভারত ভ্রমনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে জানা গেছে ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে,গত ১৭ নভেম্বর সিলেট-মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন ওই বাংলাদেশি মহিলা।এরপর গুয়াহাটিতে চেরালাপল্লি এক্সপ্রেস ট্রেনে চড়ে হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন । তবে ঠিক কী উদ্দেশ্যে তিনি ভারতে প্রবেশ করেছিলেন এবং হায়দরাবাদে যাওয়ার পিছনে তার উদ্দেশ্য কি ,তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।।
