• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা, পুরোদমে চলছে প্রস্তুতি

Eidin by Eidin
November 20, 2026
in আন্তর্জাতিক
নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা, পুরোদমে চলছে প্রস্তুতি
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২০ নভেম্বর : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে পুরোদমে। ভারতে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সূত্রে জানা গেছে, নভেম্বরের শেষ সপ্তাহে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রক্তন সংসদ সদস্য আ হ ম বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন, হাসিনার দেশে ফেরার কাউন্টডাউন শুরু হয়েছে ১লা নভেম্বর থেকে। এই কাউন্টডাউন শেষ হবে ৩০শে নভেম্বর। তিনি জানিয়েছেন, দেশে-বিদেশে থাকা আওয়ামী লীগ নেতারা তৈরি রয়েছেন।

বিদেশি সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি) -কে দেওয়া এক ই-মেইল সাক্ষাৎকারে শেখ হাসিনা সর্বশেষ জানিয়েছেন, ‘আমি ইতিমধ্যেই ডিসেম্বরে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’ সেই সঙ্গে তিনি বলেছেন, ‘আমি দেশে ফিরে এলে কী ধরনের ঝুঁকির মুখে পড়তে পারি, সে সম্পর্কে আমি পুরোপুরি অবগত। তবে আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। মৃত্যুর কোনো হুমকিই আমাকে আমার দেশ থেকে দূরে রাখতে পারবে না।’

কূটনৈতিক মহলের একটি অংশের মতে, তিনি সম্ভবত এমন একটি পরিস্থিতির ওপর ভরসা করছেন যেখানে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যাকে মৃত্যুদণ্ড দেওয়া সত্ত্বেও, তার মৃত্যুদণ্ড কার্যকর করা সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে। আর তাই বাংলাদেশে প্রত্যাবর্তনের পক্ষে হাসিনার গলায় আত্মপ্রত্যয়ের সুর শোনা যাচ্ছে।

তবে ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাসিনার ফিরে যাওয়ার প্রতিশ্রুতিটি রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার, সমর্থকদের আনুগত্য ধরে রাখার এবং এমন একটি দলকে টিকিয়ে রাখার প্রচেষ্টা, যে দলটি একসময় বাংলাদেশে আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু বর্তমানে যার কার্যক্রম নিষিদ্ধ।

কিন্তু হাসিনা কীভাবে বাংলাদেশে ফিরবেন সেটিই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে হাসিনার পক্ষে লন্ডন ভিত্তিক আইনি সংস্থা ম্যাট্রিক্স চেম্বারস হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন জানিয়েছে। সেই আবেদন যে হাসিনার তা নিয়ে সংশয় প্রকাশ করার পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক পাসপোর্ট দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে। তবে, এখন পর্যন্ত আইনি সংস্থাকে কোনো কিছু জানানো হয়নি। তাই জানা গেছে খুব শিগগিরই ম্যাট্যিক্স চেম্বারের পক্ষ থেকে আরেকটি চিঠি দেওয়া হবে। সেই চিঠিরও কোনো উত্তর না দিলে ম্যাট্রিক্স চেম্বারস তাদের সম্পর্কে অপ্রীতিকর মন্তব্যের জন্য বিশাল অঙ্কের মানহানির ফৌজদারি মামলা করতে পারে লন্ডনের আদালতে, এমন কথাও শোনা যাচ্ছে। তবে এর কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।

তাই, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তিনি কীভাবে ফিরবেন। অতীতের অনেক ঘটনার উল্লেখ করে বিশেষজ্ঞরা মনে করছেন, শেষ মুহূর্তে বাংলাদেশ সরকার একবারের জন্য ট্রাভেল পাস ইস্যু করতে পারে। তবে, সেটা যদি না হয় তিনি ভারতের দেওয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে বাংলাদেশে যেতে পারেন। এই প্রথা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ভারতের বংলাদেশ বিষয়ে এক অভিজ্ঞ সাংবাদিক বলেছেন, ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের প্রায় সকলেরই পাসপোর্ট বাতিল করা হয়েছে। কিন্তু তাদের অনেকেই ভারতের দেওয়া ট্রাভেল পাস নিয়েই বিভিন্ন দেশে যাচ্ছেন এবং ভারতে ফিরেও আসছেন। তবে এক্ষেত্রে প্রশ্ন, বাংলাদেশ ভারতের ইস্যু করা সেই ট্রাভেল ডকুমেন্টকে স্বীকৃতি দেবেন কিনা।

এখনো কৌশলগত কারণে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীরা বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে কী পদক্ষেপ নেবেন তা স্পষ্ট নয়। তিনি সামরিক বিমানেই বাংলাদেশে ঢাকায় নামবেন নাকি সড়কপথে প্রবেশ করবেন সেটাই বিচার বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে ভারতীয় নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের মতামতকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনা আমাদের অতিথি। তিনি যেভাবে যেতে চাইবেন আমরা সেই ব্যবস্থাই করবো।

কলকাতায় থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও বিভিন্ন দেশ থেকে আসা দলীয় নেতৃবৃন্দের ধারণা, শেখ হাসিনা পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়েই বাংলাদেশে প্রবেশ করবেন। তার সঙ্গে থাকবেন কয়েকশ’ বিদেশি সাংবাদিক এবং আন্তর্জাতিক কূটনৈতিক পর্যবেক্ষক। তাই তাদের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে দলীয় নেতা ও কর্মীসহ হাসিনাকে আটকানো সম্ভব নয় বলেই তারা মনে করছেন।

জানা গেছে, ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিজিবিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছেন বলেও একটি সূত্রে জানা গেছে।

বিদেশি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রত্যাবর্তনের অবস্থানকে ‘পরস্পরবিরোধী’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘কয়েক মাস ধরে তারা আমার ফিরে আসার দাবি জানিয়ে আসছে। অথচ যখন আমি দেশে ফেরার জন্য বাস্তব পদক্ষেপ নিচ্ছি, তখন মনে হচ্ছে তারা আমাকে দেশে ফিরতে দেওয়ার চেয়ে বরং হুমকি দেওয়ার বিষয়েই বেশি আগ্রহী।’ তার মতে, ‘সত্যি বলতে, বাংলাদেশ কর্তৃপক্ষের এই পরস্পরবিরোধী বক্তব্যগুলো অনেক কিছুই স্পষ্ট করে দেয়।’

এদিকে আওয়ামী লীগের কর্মসূচিতে রাজনৈতিক অস্থিরতা তীব্র আকার ধারণ করায় অচল হয়ে পড়েছে দেশ বাংলাদেশ । ফলে আবারও রাজনৈতিক অস্থিরতায় নিমজ্জিত হয়েছে দেশটি । রাজপথে ঘটছে সহিংস সংঘর্ষ, রাস্তাঘাট অবরুদ্ধ, গণপরিবহন ব্যবস্থা ব্যাহত; পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে এবং বিভিন্ন জেলা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের দেশব্যাপী ধর্মঘট বাংলাদেশকে অস্থিতিশীলতার নতুন এক ঢেউয়ের মুখে ঠেলে দিয়েছে, যা বিএনপি নেতৃত্বাধীন সরকারের অধীনে গভীর হতে থাকা রাজনৈতিক সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে।

ঢাকা থেকে গোপালগঞ্জ, সিলেট, রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ও অবরোধের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। আওয়ামী লীগ সমর্থকরা রাস্তায় নেমে দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দিদের মুক্তি, নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়া এবং তাদের ভাষায় ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন’ বন্ধের দাবি জানিয়েছেন। এই অস্থিরতা ক্রমশ সহিংস হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাতবোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে এবং আরও অনেকে আহত হয়েছেন।

চট্টগ্রামে মহম্মদ ইউনূসের পৈতৃক বাসভবনে অগ্নিসংযোগ করা হয়্বছে। এছাড়া, ইউনূসের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকটি শাখাতেও বিভিন্ন জেলায় হামলা চালানো হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অগ্নিগর্ভ । ২০২৪ সালের আগস্ট মাসের অভ্যুত্থানের পর মহম্মদ ইউনূস নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং একটি নতুন রাজনৈতিক সূচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ, তাঁর শাসনাকালে বাংলাদেশ রাজনৈতিক প্রতিপক্ষ, সংখ্যালঘু সম্প্রদায়, ধর্মীয় প্রতিষ্ঠান এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর ওপর হামলার সাক্ষী হয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধ্বংসের ঘটনাটি—দেশে রাজনৈতিক প্রতিহিংসার যে অবনতি ঘটেছে—তার একটি অত্যন্ত উদ্বেগজনক প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

বিএনপি সরকার আরেকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কারণ শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা এখন একটি প্রধান রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে—যদিও তাঁর বিরুদ্ধে আইনি হুমকি রয়েছে এবং শোনা যাচ্ছে যে, অনুপস্থিতিতেই তাঁকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ সারা দেশে সংগঠিত হচ্ছে, বিএনপি সরকার অস্থিরতা সামাল দিতে হিমশিম খাচ্ছে এবং শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা পুরো রাজনৈতিক অঙ্গনে এক অনিশ্চয়তা তৈরি করেছে—সব মিলিয়ে বাংলাদেশ আর একটি সম্ভাব্য বিস্ফোরক অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। দেশটি জ্বলছে, আর এর রাজনৈতিক নেতৃত্ব সেই আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো লড়াই করছে।।

Previous Post

গর্ভাবস্থায়  পুত্র সন্তানের মৃত্যু, নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দ্বারস্থ বাবা

No Result
View All Result

Recent Posts

  • নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা, পুরোদমে চলছে প্রস্তুতি
  • গর্ভাবস্থায়  পুত্র সন্তানের মৃত্যু, নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দ্বারস্থ বাবা
  • শুভেন্দু অধিকারীর পূজো উদ্বোধনের পর রাস্তায় গঙ্গাজল ছিটিয়ে রাস্তা “শুদ্ধ করা” মমতা তৃণমূলের মহিলা কর্মীর ক্ষমাপ্রার্থনা 
  • শ্রী নন্দকুমারাষ্টকম্ : ভক্তিভরে এই স্তোত্র পাঠে মানসিক শান্তি, দুঃখমোচন এবং ভগবৎ-প্রেমে নিষ্ঠা বৃদ্ধি করে
  • সেনাবাহিনীর গাড়ি আটকে চালান কাটায় সাসপেন্ড আসামের জোরহাটের মহিলা মোটর ভেহিকেল ইন্সপেক্টর 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.