এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ সেপ্টেম্বর : আজ বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে তিনটি দাবি করেছেন ‘কালীঘাট তৃণমূল’ সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তার মধ্যে অন্যতম হল,এসআইআর-এ বাদ যাওয়া ৯২ লক্ষ নাম ফের ভোটার তালিকায় তোলা এবং সেই পুরনো লিস্টে ফের ভোট করা । যদিও শাসকদল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মনে করছেন যে,মমতা ব্যানার্জি ঘোরের মধ্যে আছেন এবং মুখ্যমন্ত্রীর কুর্শি থেকে শুরু করে দলীয় প্রতীক ও অর্থ হারানোর যন্ত্রনা কিছুতেই ভুলতে পারছেন না ।
আজ সন্ধ্যায় কলকাতায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতার মন্তব্য প্রসঙ্গে শমীক বলেন,’উনি এখন একটা ঘরের মধ্যে আছেন । উনি মনে করছেন যে এখন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী । উনি যে হেরে গেছেন, মানুষ চেয়ে ওনার দলকে প্রত্যাখ্যান করেছে, উনার যে এখন কোন নাম নেই-গোত্র নেই-ব্যাংক অ্যাকাউন্ট নেই-মাথার ওপরে ছাদ নেই, এটা উনি মেনে নিতে পারছেন না । মানা সম্ভবও নয় । কিভাবে তৃণমূল কংগ্রেস ১৫ বছর ধরে একচেটি আধিপত্য, প্রায় নবাবী শাসন চালিয়ে গেছে । সেখানে পরাজয়কে মানতে একটু কষ্ট হয় ।’
মমতা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারের যে দাবি তুলেছেন,সেই বিষয়ে শমীক বলেন,’উনি তো অনেক কিছুই দাবি করতে পারেন । উনি কখনো প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন, কখনো মুখ্য নির্বাচনী আধিকারিক এর পদত্যাগ দাবি করেন । উনি কিভাবে ভোট করেছেন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন কিভাবে করেছিলেন তা পশ্চিমবঙ্গের মানুষ জানে । ওনার বিধানসভা নির্বাচন,কর্পোরেশন নির্বাচন পঞ্চায়েতের নির্বাচনের পর ৫০ জনের বেশি মানুষকে খুন করা,২০০ এর বেশি বিজেপির মহিলা কর্মীকে গণধর্ষিতা করা, এগুলো পশ্চিমবঙ্গের মানুষ ভোলেনি । সেই জন্য একদম নাম নিশান মুছে দিয়েছে ।’
প্রসঙ্গত,’ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে বলা হয়েছে যে,টার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে নির্বাচন কমিশনের তিনজন কমিশনারের মধ্যে দু’জন-সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী কিছু পদক্ষেপকে ‘অননুমোদিত’ ও ‘বেআইনি’ হিসেবে উল্লেখ করা করেছিলেন । এছাড়া ভোটার তালিকা সংক্রান্ত ডেটাবেস কেন্দ্রীয়করণের বিষয় এবং নতুন ভোটার নিবন্ধনের জন্য ব্যবহৃত ‘ফর্ম ৬’-এ আনা পরিবর্তন নিয়েও সেখানে উদ্বেগের কথা জানানো হয়েছিল বলে দাবি করা হয়েছে । এনিয়ে বিজেপি বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আসরে নেমে পড়েছে৷
আজ বিকেলে ফেসবুক লাইভে এসে মমতা ব্যানার্জি বলেন,’নতুন করে জাগরণ হওয়া উচিত। আমরা স্বাধীনতা পেয়েও পরাধীন। এই জোর করে ভোট জিতে অত্যাচার চালাচ্ছে। ১৪ হাজার কেস দিয়েছে।’ তিনি বলেন,’আমার প্রথম দাবি, জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে। তাঁর যাঁরা মদতদাতা তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে ।’ তিনি আরও বলেছেন,’যে মানুষের নাম বাদ গেছে পুরনো লিস্ট ফেরাতে হবে। যে যে রাজ্য এস আই আর -এর নামে ইভিএমমেশিন ক্যাপচার করে জিতেছে, সেই রাজ্যগুলিতে আবার নতুন করে পুরনো লিস্টে ভোটের ব্যবস্থা করতে হবে।’।

