এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৩ জুন : বাংলাদেশের টাঙ্গাইলের ৮ বছরের এক হিন্দু মেয়েকে অপহরণ করে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকায় । হতভাগ্য শিশুটির নাম সেঁজুতি মালো(৮) । দুইদিন আগে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার পর সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুর থেকে শিশুটির দেহ ভেসে ওঠে । সেঁজুতি মালো স্থানীয় শিশুকানন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
জানা গেছে,টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার বাসিন্দা ফালু চন্দ্র মালোর মেয়ে সেঁজুতি৷ স্থানীয় শিশুকানন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল সে ।শনিবার ( ২০ জুন) বিকেলে বাড়ির পাশে উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে সেঁজুতি আর ঘরে ফেরেনি।সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সেদিনই তার বাবা ফালু চন্দ্র মালো সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর রবিবার রাতে একটা একটা অচেনা নম্বর পরিবারের কাছে একটি ফোনকল আসে। অজ্ঞাত ব্যক্তি সেঁজুতিকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেয় । কিন্তু সোমবার সকালে উপজেলা পরিষদের পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। মেয়েটির শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন দেখতে পাওয়া যায়ব৷ এমনকি মুখমণ্ডল বিকৃত করে দেওয়া হয় । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত শিশুর বাবা ফালু চন্দ্র মালো বলেছেন, ‘আমার ছোট্ট মেয়েটিকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’।
