এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৮ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার আলিগ্রামে শ্মশানবাসী এক সাধকের উপর হামলার অভিযোগ উঠেছে । এই ঘটনায় বরুণানন্দ নাথ ওরফে বরুণ ভট্টাচার্য নামে ওই সাধক গুসকরা পুলিশ ফাঁড়িতে স্থানীয় ৩ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি বনমালী লাহা,আকাশ গণ ও মাধব গণ । বিজেপির ৫ নম্বর মণ্ডল সভাপতি কমল মাহাতো বলেন,’আমাদের দলের নাম করে যদি কেউ সাধুসন্তের উপর হামলা চালায় তা বরদাস্ত করা হবে না । তারা আমাদের দলের কর্মী হতে পারে না।’
জানা গেছে,দীর্ঘদিন ধরে আলিগ্রামের শ্মশানে বসবাস করছেন অঘোরী সাধক বরুণানন্দ নাথ । তার অভিযোগ,বুধবার বিকেল নাগাদ তিনি যখন শ্মশানে নিজের কুঠিরে বসে সাধনা করছিলেন তখন আলিগ্রামের আকাশ গণ এবং মাধব গণ নামে দুই ব্যক্তি চড়াও হয়। আশ্রম ছেড়ে পালানোর জন্য হুঁশিয়ারি দেয়। তার প্রতিবাদ করলে কিল, চড়, ঘুঁষি মারতে থাকে।’ তার আরও অভিযোগ, বনমালী লাহার মদতেই তার উপর এই হামলা হয় ।
অন্যদিকে অভিযুক্ত বিজেপি কর্মী বনমালী লাহার দাবি,’আকাশ গণ এবং মাধব গণ নামে দুজন দলীয় কর্মী ওই সাধুর কাছে গিয়েছিলেয়ন। কথাকাটাকাটি হয়েছে। কিন্তু মারধরের ঘটনা ঘটেনি। বনমালীর পাল্টা অভিযোগ ওই সাধু মিথ্যাভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ তবে বরুণানন্দ নাথের অভিযোগ, তার উপর হামলা এই প্রথম হয়নি। এর আগেও বনমালী লাহার নেতৃত্বে আকাশ গণ,মাধব গণরা শ্মশানের আশ্রমে চড়াও হয়ে তাঁকে হেনস্তা করেছিল। তখনও আশ্রম ছেড়ে চলে যাওয়ার জন্য হুঁশিয়ারি দেয়। কিন্তু না মানায় ফের তাঁর উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলে অভিযোগ বরুণানন্দ নাথের ।
বুধবার রাতেই গুসকরা পুলিশ ফাঁড়িতে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বরুণানন্দ নাথ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।।

