এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ সেপ্টেম্বর : দলের প্রতীক ও মূল নাম হাতছাড়া হওয়ার পরে ফের জোর ধাক্কা খেলেন মমতা ব্যানার্জি ৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পরেই নিজের নাম প্রত্যাহার করে নিলেন ‘কালীঘাট তৃণমূল’-এর ঘোষিত প্রার্থী তথা শিক্ষিকা সঞ্চিতা প্রধান দে । এদিকে মনোনয়ন জমা দেওয়ার দিনও আর নেই । আগামীকালই নাম প্রত্যাহারের শেষ দিন । ফলে উপনির্বাচনে ‘কালীঘাট তৃণমূল’-এর কোনো প্রার্থীই রইল না ।
গতকালই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম আর জোড়া ঘাসফুল প্রতীক ফ্রিজ করে করে দিয়েছে নির্বাচন কমিশন । আর তার অব্যবহিত পরেই স্বামী সত্যজিতকে সঙ্গে নিয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন সঞ্চিতা প্রধান দে । এই সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে ওঠে৷ যদিও বাইরে এসে সঞ্চিতাদেবী বলেছিলেন,’আশীর্বাদ নিতে গেছিলাম ।’ কিন্তু আজ মনোনয়ন তুলে নিয়ে ‘কালীঘাট তৃণমূল’ শিবিরে তোলপাড় ফেলে দিয়েছেন । অবশ্য ঋতব্রত ব্যানার্জিদের ‘নতুন তৃণমূল’ প্রার্থী লড়াইয়ের ময়দানে রয়েছেন । আগামী ৬ অক্টোবর রাজ্যের এই হাইভোল্টেজ উপনির্বাচনের আগেই ‘কালীঘাট তৃণমূল’-এর এই নাটকীয় পটপরিবর্তন রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে ।।

