এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,১২ জুলাই : রাজ্যে পালাবদলের পরেও তৃণমূলের দুর্বৃত্তদের সন্ত্রাস সমানে চলে যাচ্ছে । এবারে দক্ষিণ ২৪ পরগণা জেলার নরেন্দ্রপুরে বিজেপি সমর্থক মহিলার উপর কার্যত মধ্যযুগীয় কায়দায় নৃসংসতা চালানোর অভিযোগ উঠল সোনারপুর উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগমের দুর্বৃত্ত বাহিনীর বিরুদ্ধে । মহিলাকে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয় । এমনকী তাঁর মাথা ন্যাড়া করে দেওয়া হয় । এখানেই থামেনি দুর্বৃত্তদের বর্বরতা । তারা ব্লেড বের দিয়ে মহিলার জিভ কেটে নেওয়ারও চেষ্টা পর্যন্ত করে বলে অভিযোগ । এনিয়ে নরেন্দ্রপুর থানায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা ।অভিযোগ দায়ের হতেই শনিবার রাতভর তল্লাশি চালিয়ে টালিগঞ্জ এলাকা থেকে তারিফ উদ্দিন নামে একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত তারিফ উদ্দিনের নাম রয়েছে অভিযোগপত্রে। যদিও ঘটনার পর থেকেই এলাকা থেকে পালিয়ে সে তার শ্বশুরবাড়িতে গা ঢাকা দিয়েছিল । ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ । তবে সদ্য লাগু হওয়া ‘গুন্ডাদমন’ আইন প্রয়োগ করা হয়েছে কিনা তা জানা যায়নি ।
জানা গিয়েছে, আক্রান্ত মহিলা রাজপুর-নরেন্দ্রপুর পুরসভার পশ্চিম নিশ্চিন্দপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা । তিনি ও তার স্বামী দু’জনেই বিজেপি সমর্থক। অভিযোগ, তাঁদের একটি জমি দখলের চেষ্টা করে ফিরদৌসি বেগমের অনুগামীরা। তাঁদের কাছে ৭৫ হাজার টাকা দাবি করা হয় বলেও অভিযোগ। তোলা দিতে রাজি না হওয়ায় শুরু হয় অত্যাচার। দিনের পর দিন মারধর, প্রাণনাশের হুমকি লেগেই থাকত।২০২৫ সালের ৩ সেপ্টেম্বর থেকে এই অত্যাচার চলছে বলে জানিয়েছেন ওই মহিলা । এমনকী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অত্যাচারে বাড়ি ছাড়তে পর্যন্ত বাধ্য হন তারা । তবে প্রশাসনিক তৎপরতায় কয়েকমাস আগে বাড়ি ফেরেন । কিন্তু বাড়ি ফিরতেই ফের তৃণমূল নেত্রী ফিরদৌসি বেগমের দুর্বৃত্তবাহিনীর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ ।
আক্রান্ত মহিলা জানান,গত শুক্রবার প্রথমে ৫ টা মহিলা বাড়িতে চড়াও হয়ে মারধর শুরু করে । ওই দুর্বৃত্ত মহিলারা তারবগলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে । তাকে মারতে মারতে জমির কাছে নিয়ে গিয়ে বলে, ‘জমি যদি না দিস, এই জমিতেই তোকে মেরে ফেলে রাখব’ । তার শিশুকন্যা এই নৃশংসতা দেখে ভয়ে কান্নাকাটি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক কাকুতি মিনতি করে । কিন্তু খুন্তি দিয়ে পেটানো হয় ।
মহিলার অভিযোগ, জমির কাছে নিয়ে গিয়ে তাকে একটি ল্যাম্পপোস্টে বেঁধে চলে অত্যাচার। খুবলে খুবলে চেঁচে দেওয়া হয় চুল। এমনকী দুষ্কৃতীরা পকেট থেকে ব্লেড বের করে জিভ কেটে নেওয়ার চেষ্টাও করে । ওই মহিলা কোনওমতে প্রাণে বেঁচে ফিরে নরেন্দ্রপুর থানায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । অভিযুক্তরা হল : তারিফ উদ্দিন সরদার,তাজিক উদ্দিন সরদার,জয়নাল গাজি, মুনমুন সরদার,মোমেনা সরদার,আমেনা সরদার, ফরজিলা গাজি,রানু গাজি, পিঙ্কি বিবি,সাবেরা বিবি এবং গনু বিবি ।
আক্রান্ত মহিলা বলেন,’মাত্র একজন গ্রেপ্তার হয়েছে । এখনো ১০ জন পলাতক ।’ তিনি প্রত্যেক আসামিকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করেছেন । কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে । বিজেপি সমর্থক বলে নয়,এই ঘটনায় কেউই রেহাই পাবে না ।’।
