এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১২ আগস্ট : পুলিশ পরিচয় দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক তৃণমূল নেতার কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি করে ফোন করার অভিযোগ উঠেছে । প্রদ্যুৎ কুমার পাল নামে ওই তৃণমূল নেতার অভিযোগ যে,হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন করে টাকা চাওয়ার পাশাপাশি অনলাইনে টাকা পাঠানোর জন্য একটি কিউআর কোডও পাঠানো হয় । অবশেষে ভাতারের বিধায়ক সৌমেন কার্ফার পরামর্শে তিনি আজ বুধবার বিকেলে ভাতার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশের সাইবার সেল।
ভাতার থানার গ্রামডিহি গ্রামে বাড়ি প্রদ্যুৎ কুমার পালের । তিনি সাহেবগঞ্জ-২ পঞ্চায়েতের প্রধান । তার অভিযোগ,আজ সকাল ১০টা নাগাদ তিনি যখন বাড়িতে খাওয়াদাওয়া করছিলেন সেই সময় একটি অচেনা নম্বর থেকে তাঁর হোয়াটসঅ্যাপে ফোন আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে ভাতার থানার এক সাব-ইন্সপেক্টর (এস আই) হিসেবে পরিচয় দেন । ওই ব্যক্তি তাঁকে জানান, পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের চাপ রয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার এড়াতে ৫-৬ লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করা হয়।
প্রদ্যুৎবাবু জানান,+91 6289462561 নম্বর থেকে তার কাছে ফোন এসেছিল । তার ডিসপ্লে পিকচার (Display Picture) বা প্রোফাইল ছবি হিসাবে “ওয়েস্ট বেঙ্গল পুলিশ”-এর লোগো ব্যবহার করা হয়েছে । প্রোফাইলে লেখা হয়েছে “এস আই” । বারবার ফোন করার পাশাপাশি ওই ব্যক্তি একটি কিউআর কোড পাঠিয়ে অনলাইনে টাকা পাঠানোর জন্য তাকে চাপ দেন । পরে কিউআর কোড সার্চ করে দেখেন রিঙ্কু মল্লিক(Rinku Mallick) নাম দেখাচ্ছে । তিনি বলেন,’এভাবে হোয়াটসঅ্যাপে ফোন করে টাকা চাওয়ায় আমার সন্দেহ হয় । তাই টাকা দিইনি ।’
জানা গেছে,প্রদ্যুৎবাবু বিষয়টি সঙ্গে সঙ্গে পরিচিত এক বিজেপি নেতাকে জানান । ওই নেতা বিষয়টি ভাতারের বিধায়ক সৌমেন কার্ফার কাছে খুলে বলেন । সৌমেনবাবু ওই তৃণমূল নেতাকে কোনো টাকা না দেওয়ার পরামর্শ দিয়ে ভাতার থানার ওসির সঙ্গে যোগাযোগ করেন । এরপর বিকেল নাগাদ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন প্রদ্যুৎবাবু । এই প্রকার পরিস্থিতির মধ্যে পড়লে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন ভাতারের বিজেপি বিধায়ক ।।
