এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৩ সেপ্টেম্বর : মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনীতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে । এবারে বাড়ির মধ্যেই জমে থাকা বন্যার জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল ৫ বছরের এক শিশুর । শনিবার শিশুটি বাড়ির ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামার সময় এই দুর্ঘটনাটি ঘটে । ভূতনীর উত্তর চন্ডীপুরের পূর্ব সামিরুদ্দিনটোলা এলাকার ঘটনা । জানা গেছে,মৃত শিশুটির নাম সামিউর রহমান ।
জানা গেছে,ভূতনীর উত্তর চন্ডীপুরের পূর্ব সামিরুদ্দিনটোলার বাসিন্দা আব্দুল বারিকের দুই পুত্রসন্তানের মধ্যে ছোট সামিউর রহমান । শনিবার দুই ভাই ছাদে খেলছিল । সেই সময় সামিউর শিড়ি বেয়ে নিচে নামতে গেলে পা পিছলে বাড়ির জমা জলে তলিয়ে যায় । পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে শিশুটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে । এরপর সিভিল ডিফেন্সের স্পিডবোট করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় । মৃত শিশুর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন মানিকচকের সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা।।

