এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৪ নভেম্বর : দিল্লিতে ছাত্র আন্দোলনের মাধ্যমে খ্যাতি অর্জন করা সিপিআই (এম-এল) লিবারেশনের ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয় সভাপতি নেহা বোরা নিজের লিঙ্গ পরিচয় নিয়ে মুখ খুলেছেন। নেহা স্পষ্ট করেছেন যে তিনি একজন নারী নন এবং তাঁকে সেভাবে বর্ণনা করা উচিত নয়। নেহা বোরা বলেন,’এই বিষয়ে মানুষ সাধারণত বিভ্রান্ত হন। কিন্তু আমি নিজেকে নারী হিসেবে পরিচয় দিই না। আমি নিজেকে একজন নন-বাইনারি ব্যক্তি হিসেবে পরিচয় দিই।”
উল্লেখ্য,নন-বাইনারি (Non-binary বা Enby) বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায়, যিনি নিজেকে ঐতিহ্যবাহী পুরুষ বা মহিলা—এই দুটি লিঙ্গের কোঠার মধ্যে একচেটিয়াভাবে সীমাবদ্ধ রাখেন না। কিছু নন-বাইনারি ব্যক্তি নিজেদের বোঝাতে ‘তারা/তাদের’ সর্বনাম ব্যবহার করেন, আবার অন্যরা ভিন্ন সর্বনাম ব্যবহার করেন।সমাজে সাধারণত লিঙ্গ বলতে শুধু পুরুষ ও মহিলা—এই দুটি ধারাকে বোঝানো হয়, যাকে ‘জেন্ডার বাইনারি’ বলে। নন-বাইনারি ব্যক্তিরা এই গণ্ডির বাইরে অবস্থান করেন । এটি একটি বিস্তৃত পরিচয় যা বিভিন্ন ধরনের লিঙ্গ অনুভূতিকে অন্তর্ভুক্ত করে। যেমন— জেন্ডার ফ্লুইড (যাদের লিঙ্গ পরিচয় পরিবর্তনশীল), বিগেন্ডার (যাদের দুটি লিঙ্গ পরিচয় রয়েছে) বা জেন্ডার কিউয়ার ইত্যাদি। কোনো নন-বাইনারি ব্যক্তি অনুভব করতে পারেন যে তিনি পুরুষ ও নারী উভয়ই, কিংবা দুটোর কোনটিই নন, অথবা তার লিঙ্গ পরিচয় সময়ের সাথে বদলাতে পারে।
নন-বাইনারি ধারণার মূল উৎপত্তি প্রাচীন বিশ্বের বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতায়, যদিও আধুনিক শব্দটি বিংশ শতাব্দীর শেষের দিকে পশ্চিমা বিশ্বে প্রচলিত হয়। নারী ও পুরুষের প্রচলিত দ্বিমুখী ধারণার বাইরের লিঙ্গপরিচয় হাজার বছর ধরে পৃথিবীর নানা প্রান্তে স্বীকৃত ছিল।ভারতীয় উপমহাদেশে হাজার বছর ধরে ‘তৃতীয় লিঙ্গ’ বা হিজড়া সম্প্রদায়ের অস্তিত্ব রয়েছে। প্রাচীন হিন্দু মহাকাব্য রামায়ণ ও মহাভারতেও এই ধারণার উল্লেখ পাওয়া যায়। প্রাচীন মেসোপটেমিয়ার সুমেরীয় এবং আক্কাদীয় সভ্যতায় এমন পুরোহিত ও দেবদেবীর উল্লেখ ছিল, যারা নারী বা পুরুষ কোনো নির্দিষ্ট পরিচয়ে আবদ্ধ ছিলেন না। প্রাচীন মিশরেও লিঙ্গের তৃতীয় একটি শ্রেণির ধারণা প্রচলিত ছিল।
নেহার প্রতিক্রিয়া ছাত্র রাজনীতিতে লিঙ্গ বৈচিত্র্য এবং শিক্ষা প্রতিষ্ঠানে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার দ্বার আবারও উন্মুক্ত করেছে।।
