এইদিন বিনোদন ডেস্ক,১৪ নভেম্বর : আজ শনিবার আমেরিকায় একটি কনসার্টে যাওয়ার পথে সরোদ বাদক ওস্তাদ আমজাদ আলী খান অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হয়েছেন । তিনি যে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে ভ্রমণ করছিলেন, সেখান থেকে তাঁর সমস্ত বাদ্যযন্ত্র উধাও হয়ে গেছে।আমজাদ আলী খান ও তাঁর দল, যাঁরা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন, তাঁরা বিমান সংস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে বাদ্যযন্ত্রগুলো খুঁজে বের করার জন্য অনুরোধ করেছেন, কারণ কনসার্টের জন্য তাঁদের এই যন্ত্রগুলো জরুরিভাবে প্রয়োজন।
ছেলে আমান আলী বানগাশ ও আয়ান আলী বানগাশ সহ তার দলের ছয়টি বাদ্যযন্ত্র এখনও পাওয়া যায়নি। এই নিয়ে দ্বিতীয়বার বাদ্যযন্ত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলো; ২০১৪ সালে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। তখন তিনি লন্ডন থেকে দিল্লি যাওয়ার পথে তার ‘গঙ্গা’র নামে রাখা মূল্যবান সরোদটি হারিয়ে যায়। যদিও ৪৮ ঘণ্টা পর সেটি খুঁজে পাওয়া গিয়েছিল।
সংগীতশিল্পীর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ক্যালিফোর্নিয়ার সারাটোগার ‘মন্টালভো আর্টস সেন্টার ক্যারেজ হাউস থিয়েটার’-এ আগামী ১৪ নভেম্বর একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বর্তমান কনসার্ট সফরে অক্টোবর ও নভেম্বর মাসে মোট পাঁচটি তারিখ রয়েছে। এরপর ২১ ও ২২ নভেম্বর আরও দুটি কনসার্ট অনুষ্ঠিত হবে।শুক্রবার সকালে, আমজাদ খান ‘এক্স’ নামের টুইটারে একাধিক টুইটের মাধ্যমে বিমান সংস্থাটির সাথে যোগাযোগ করেন । তিনি লিখেছেন,’আমরা বর্তমানে আমেরিকায় সফরে আছি এবং আমাদের কনসার্টের জন্য বাদ্যযন্ত্রগুলো অপরিহার্য। আমাদের বাদ্যযন্ত্রসহ ছয়টি লাগেজ জরুরিভাবে প্রয়োজন; অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব সেগুলো পৌঁছে দিন।’
তিনি আরেকটি পোস্টে বলেন,’অনুগ্রহ করে এটিকে অত্যন্ত জরুরি ভিত্তিতে বিবেচনা করুন; কারণ আমাদের আসন্ন শো এবং পেশাগত দায়বদ্ধতা এর উপর নির্ভরশীল। আমাদের লাগেজ খুঁজে বের করে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদের অবিলম্বে মনোযোগ এবং সহায়তা কামনা করছি। অনুগ্রহ করে এই সমস্যাটি জরুরিভাবে সমাধান করতে আমাদের সাহায্য করুন @ব্রিটিশ এয়ারওয়েজ ।’
শিল্পির ভক্তরা পোস্টটিতে সাড়া দিয়ে বিমান সংস্থাটিকে সাহায্যের জন্য অনুরোধ করেন। তাদের মধ্যে একজন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে টুইট করে বাদ্যযন্ত্রগুলো ফেরত পেতে ব্রিটিশ এয়ারওয়েজের সাথে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেন।
এই ঘটনার প্রতিক্রিয়ায় ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র বলেন, ‘আমরা আমাদের গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ রাখছি এবং যত দ্রুত সম্ভব তাদের লাগেজ পৌঁছে দেওয়ার জন্য সম্ভাব্য সবকিছু করছি। এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
জনপ্রিয় ব্র্যান্ডের বাদ্যযন্ত্র সরবরাহে বিলম্ব এবং সেগুলোর ক্ষতি করার জন্য এই বিমান সংস্থাটি কুখ্যাত। গত বছর লন্ডন থেকে প্যারিস যাওয়ার পথে স্টেপলস জুনিয়র সিঙ্গার্স-এর গিটারগুলো হারিয়ে গিয়েছিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছিল; এ বছরও ‘দ্য ব্রিজ সিটি সিনার্স’ গ্রুপের বাদ্যযন্ত্রগুলো ভুল জায়গায় চলে গিয়েছিল।।
