এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ অক্টোবর : গতকাল সকালে অজ্ঞাত বাইক আরোহীরা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে ফাঁকা মদের বোতল ছুড়ে জানালার কাঁচ ভেঙে দেয় । হামলাকারীদের মুখ ঢাকা থাকলেও বিকাশ তাদের “হিন্দুত্ববাদী গুন্ডা” তকমা দিয়ে দেন । একজন বর্ষীয়ান আইনজীবী হয়েও তিনি কিভাবে রাগের মাথায় এহেন বেফাঁস মন্তব্য করলেন,এনিয়ে প্রশ্ন ওঠে । আজ শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে,বিকাশরঞ্জনের এই মন্তব্যে হিন্দু জাতিকে অপমান করেছে । তিনি বিকাশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ।
আজ, আরজি কর হাসপাতালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী এই বিষয়ে বলেন,’গতকাল একজন সিপিএম নেতা, তিনি আইনজীবীও, তার বাড়িতে একটা ঘটনা ঘটে। আমি পুলিশকে নির্দেশ দিয়ে দিলাম, পুলিশ অভিযুক্তকে ধরেও নিয়েছে। কিন্তু তিনি নিজের ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেলে লিখে দিলেন, হিন্দুত্ববাদীরা আক্রমণ করেছে। এটা কী? আপনি পুরো হিন্দু সমাজের অপমান করছেন। এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
বৃহস্পতিবার সকালে কলকাতায় ইএম বাইপাস সংলগ্ন পূর্বালোক এলাকায় বিকাশরঞ্জনের বাড়ি লক্ষ্য করে ফাঁকা বোতল ছুড়ে জানালার কাঁচ ভেঙে দেয় বাইকে চড়ে আসা কয়েক জন যুবক। তাঁদের মুখ ঢাকা ছিল এবং বাইকের নম্বর প্লেটও কালো কাপড় দিয়ে আড়াল করা হয়েছিল বলে দাবি করেন বিকাশরঞ্জন। ঘটনাটিকে পরিকল্পিত হামলা বলে দাবি করেন প্রবীণ আইনজীবী। পরে সমাজমাধ্যমে তিনি এই ঘটনার জন্য হিন্দুত্ববাদী দুষ্কৃতীদের দায়ী করেন।এই ঘটনায় গ্রেপ্তার এক যুবক। ধৃতের নাম বাপ্পা গুছাইত।
অন্যদিকে, হামলার নেপথ্যে হিন্দুত্ববাদীদের দায়ী করে বিকাশরঞ্জনের করা মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে কলকাতার তপসিয়া ও গড়ফা থানা ছাড়াও মেদিনীপুরে কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে । এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর ঘোষণার পর পুলিশ বিকাশরঞ্জনকে গ্রেপ্তার করে কিনা ।।

