এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ অক্টোবর : রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনের ভোটগণনা চলছে । দুই কেন্দ্রেই বিজেপির বিশাল ব্যবধানে এগিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছে । নন্দীগ্রাম উপনির্বাচনে পঞ্চম রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী হাসিরানি রথ ৪১৫০০ ভোটে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে কংগ্রেস, তৃতীয় স্থানে সিপিআই, চতুর্থ স্থানে আইএসএফ, পঞ্চম স্থানে গণতান্ত্রিক তৃণমূল। রেজিনগরে পঞ্চম রাউন্ড গণনার পর বিজেপির শাখারভ সরকার ২৩,১৮৯ ভোটে এগিয়ে রয়েছেন। রেজিনগরে দ্বিতীয় স্থানে হুমায়ুনের দল এজেইউপি, তৃতীয় স্থানে কংগ্রেস, চতুর্থ মমতা তৃণমূল, পঞ্চম সিপিএম, ষষ্ঠ স্থানে গণতান্ত্রিক তৃণমূল।
নির্বাচন কমিশনের কড়া নির্দেশিকা ও ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রতিটি গণনাকেন্দ্র। কঠোর পুলিশি পাহারার মধ্যে সকাল আটটা থেকে পোস্টাল ব্যালট এবং পরবর্তীতে ইভিএমের ভোট গণনা শুরু হতেই ছবিটা স্পষ্ট হতে শুরু করে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, দুই কেন্দ্রেই বাকি রাজনৈতিক দলগুলোকে বেশ কিছুটা পেছনে ফেলে এগিয়ে যেতে দেখা যায় শাসকদল বিজেপিকে । তারপর একের পর এক রাউন্ড গননা শেষ হতেই বিজেপি কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যায় ।
বর্তমানে বিধানসভায় বিজেপির সদস্য সংখ্যা ২০৭ । সেটা বেড়ে ২০৯ হতে চলেছে বলে এক প্রকার নিশ্চিত গেরুয়া শিবির ।।

