শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৮ সেপ্টেম্বর : মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পর পর দুটি বাড়িতে দুঃসাহসিলক চুরির ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার নিমদহ এলাকায় । বাড়িতে কেউ না থাকার সুযোগে সর্বস্ব নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীদল। দুই বাড়ি মিলে প্রায় ১৪ ভরি সোনার গয়না এবং প্রায় দেড় লক্ষ টাকা নগদ লুট হয়েছে। শুধু মূল্যবান সামগ্রীই নয়, চুরির পর গৃহস্থের ফ্রিজ খুলে আপেল, চকলেট-সহ বিভিন্ন খাবার খেয়েছে দুষ্কৃতীরা । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনা-কাটোয়া রোডের ছাতনি মোড় থেকে জামালপুরের বুড়োরাজ মন্দিরের দিকে যাওয়ার পিচ রাস্তার পাশে রাসমণি স্মৃতি ভবনে পরপর দু’টি বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে । বাড়ির মালিক চন্দ্রনাথ বৈরাগ্য । তিনি কেন্দ্রীয় বাহিনীতে কর্মরত । কর্মসূত্রে অরুণাচল প্রদেশে থাকেন । বাড়িতে রয়েছেন তার স্ত্রী কৃষ্ণা বৈরাগ্য । দিন কয়েকের জন্য তিনি বাপের বাড়ি গিয়েছিলেন । রবিবার দুপুরে বাড়ি ফেরেন । আর বাড়িতে ঢুকে তিনি দেখেন শোবার ঘরের আলমারি খোলা এবং সব কিছু লণ্ডভন্ড হয়ে পড়ে আছে । নগদ টাকা,গহনা থেকে শুরু করে দামিদামি সামগ্রী লুটপাট করে নেওয়া হয়েছে ।
কৃষ্ণা দেবী জানান,বাড়ির সিঁড়ির চিলেকোঠার অংশের চাল ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। এরপর শোওয়ার ঘরের তালা ভেঙে শাবল দিয়ে স্টিলের আলমারি ভেঙে প্রায় ১২ ভরি সোনার গয়না এবং নগদ প্রায় এক লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন বলে জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পূর্বস্থলী থানার পুলিশ। বাড়িগুলির বিভিন্ন অংশ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। দুই পরিবারকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।।

