এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৮ সেপ্টেম্বর : নিজের মধ্যেই এক বিধবা মহিলার গলাকাটা লাশ উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । মৃতার নাম চিন্তামণি মণ্ডল( ৪৮) । কাটোয়া থানার বাদরা গ্রামের ঘোষপাড়ায় তাঁর বাড়ি । আজ শুক্রবার সকালে ঘরের মেঝেতে গলাকাটা অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান ধারাল কিছু দিয়ে শ্বাসনালী কেটে তাঁকে হত্যা করা হয়েছে । এই ঘটনায় মৃতার দুই আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । পারিবারিক বিবাদ নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনো কারন আছে তদন্ত করে দেখছে পুলিশ ।
জানা গেছে,চিন্তামণি মণ্ডলের স্বামী বছর দুয়েক আগে রোগে মারা গেছেন । তাঁদের এক ছেলে ও এক মেয়ে । মেয়ের বিয়ে হয়ে গেছে । ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন । একাই বাড়িতে থাকতেন চিন্তামণি দেবী । ছেলের পাঠানো টাকাতেই সংসার চলত তাঁর । জানা গেছে,আজ সকালে তিনি ঘুম থেকে উঠছেন না দেখে প্রতিবেশী বধূ যমুনা মণ্ডলের সন্দেহ হয় । তখন তিনি বাড়িতে ঢুকলে তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন । মৃতদেহের পাশেই পড়েছিল একটি রক্তমাখা ব্লেড ও চিন্তামণিদেবীর ফোনটি ।
খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ প্রাথমিক তদন্তে পুলিশের নজর পড়ে যে,মৃতার শরীরে গহনা ছিল । গলাকাটার পাশাপাশি শরীরে রয়েছে একাধিক ক্ষতচিহ্ন । এ থেকে পুলিশ একপ্রকার নিশ্চিত যে,চুরির উদ্দেশ্যে খুন হননি তিনি ।
জানা গেছে,চিন্তামণি মণ্ডলের বাড়ির গায়েই তাঁর ভাসুর প্রশান্ত মণ্ডলের বাড়ি৷ তাদের সম্পর্ক ভালো ছিল না । পারিবারিক বিবাদের কারনে মহিলা খুন হয়েছেন কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।

