এইদিন ওয়েবডেস্ক,পাকিস্তান,১৮ সেপ্টেম্বর : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনসের একটি মসজিদে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন ইত্তেহাদুল মুজাহিদিন গোষ্ঠীর ভয়াবহ হামলায় বহু হতাহত হয়েছে । খাইবার পাখতুনখাওয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ হতাহতদের সংখ্যা নিশ্চিত করে জানান, এই বিস্ফোরণে পুলিশ সদস্যসহ ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। আজ শুক্রবার দুপুরের দিকে এই হামলা হয় ।
প্রতিবেদন অনুযায়ী,প্রথমে একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ভবনের গেটে আঘাত হানতেই বিকট শব্দে বিস্ফোরণ হয় । ভবনটি কার্যত ধ্বংসস্তুপে পরিনত হয় । এর পরপরই আত্মঘাতী হামলাকারীদের কয়েকজন কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের হত্যা করা হয়। তবে তিনজন স্পেশাল ব্রাঞ্চ ভবনের দিকে অগ্রসর হয়। স্থানীয় সময় বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ চলছিল । পাশাপাশি হতাহতদের উদ্ধারে অভিযানও চলছিল।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলার সময় মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছিলেন ।
এর আগে ২০১০ সালে কোহাট পুলিশ লাইনসের ঠিক পেছনে অবস্থিত পুলিশ কলোনির ভেতর একটি রিমোট-কন্ট্রোল নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রধানত পুলিশ সদস্যদের স্বজনসহ ২০ জন নিহত ও ৯০ জনেরও বেশি আহত হন।।

