এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,১৮ সেপ্টেম্বর : পুরনো খুনের মামলায় গ্রেপ্তার হলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। ‘কালীঘাট তৃণমূল’ প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর কংগ্রেস প্রার্থীকে সমর্থন ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি । আর তার কয়েক ঘন্টার মধ্যেই কংগ্রেস প্রার্থীর গ্রেপ্তারির খবর সামনে এল ।খবর অনুযায়ী আগামীকাল সমস্ত থানার বাইরে বিক্ষোভ করবে কংগ্রেস, নন্দীগ্রাম যাবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার।
‘কালীঘাট তৃণমূল’-এর পক্ষ থেকে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এই গ্রেপ্তারির নিন্দা জানিয়ে বলেছেন,’মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করার কথা ঘোষণার পরেই বিজেপি সরকার সেই কংগ্রেস প্রার্থীকে গ্রেপ্তার করল। আমাদের নেত্রী ও দল এই গ্রেপ্তারের কড়া নিন্দা করছেন। এটা ফ্যাসিবাদী, স্বৈরাচারী আচরণ। বিজেপির আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট। প্রকৃত জনরায়কে বিজেপি ভয় পাচ্ছে। পুলিশের পুরোদস্তুর অপব্যবহার চলছে। নেত্রীর সমর্থন ঘোষণার পর কংগ্রেস প্রার্থী আরও শক্তিশালী হয়ে আসনটি বিজেপির হাতছাড়া হতে পারে, সেই আতঙ্ক থেকে এই গ্রেপ্তারি। আমরা অবিলম্বে প্রার্থীর মুক্তির দাবি করছি। বিজেপি সরকারের মুখোশ খুলে গেছে। মানুষের উপর এদের আস্থা ছিল না। এখনও নেই। তাই পুলিশরাজে দমনপীড়ন সীমা ছাড়াচ্ছে।’
গতকাল নির্বাচন কমিশন ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম ও জোড়া ঘাসফুল প্রতীক ফ্রিজ করার পরেই রাজ্য রাজনীতিতে বিরাট উলোটফের আরম্ভ হয়েছে । বিশেষ করে মমতা তৃণমূল শিবিরের কিছুই ভালো যাচ্ছে না । মমতা শিবিরের নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে আচমকাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন।শুক্রবার দুপুরে শুভেন্দুর ঘরে গিয়ে দীর্ঘক্ষণ কথা হয় দু’জনের। এর পরেই নন্দীগ্রাম উপনির্বাচন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন সঞ্চিতা ।
শনিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কয়েক দিন আগেই অখিল গিরিকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। তাঁর এই আচমকা সাক্ষাৎ ও প্রার্থীপদ প্রত্যাহার ঘিরে রাজনৈতিক মহলে যখন তোলপাড় চলছিল,তারই মাঝে কংগ্রেস প্রার্থীর গ্রেপ্তারিতে বিরোধী শিবিরে কার্যত ভূকম্পন শুরু হয়ে গেছে । এদিকে উপনির্বাচনেরও আর বেশি দেরি নেই । তার আগে বিরোধীরা এই ধাক্কা কতটা সামলাতে পারে সেটাই এখন দেখার বিষয় ।
এদিকে জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ হওয়ার পর মমতা শিবিরের নতুন নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, প্রতীক ‘ফুটবল পায়ে ফুটবলার’। ঋতব্রত শিবিরের নাম ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’, প্রতীক ‘খাম’।।

