এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,১৬ সেপ্টেম্বর : দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে খুনের অভিযোগে একই গ্রামের বাসিন্দা এক ব্যক্তি ও তার নাবালক ছেলেকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার পুলিশ । পরিবারের দাবি, শিশুটির উপর পাশবিক নির্যাতন চালিয়ে খুন করা হয়েছে। পুলিশ আজ বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই বিষয়টি স্পষ্ট হবে ।
মৃতা মেয়েটির মায়ের কথায়,মঙ্গলবার সকালে তার মেয়ে গ্রামের এক গৃহশিক্ষকের কাছে টিউশন পড়তে গিয়েছিল । তার সঙ্গে গিয়েছিল প্রতিবেশী এক কিশোরও৷ কিন্তু সকাল ৯ টা পর্যন্ত তার মেয়ে বাড়ি না ফেরায় তিনি খোঁজ শুরু করেন । মেয়ের সহপাঠীকে জিজ্ঞেস করলে জানায় যে পাগড়ি পরা এক অপরিচিতের সঙ্গে তার মেয়ে কোথাও গেছে । তারপর মেয়ের সন্ধানে তারা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও মেয়ের সন্ধান পাননি ৷
ঘটনার পারিপার্শ্বিক তথ্য ও অভিযুক্ত নাবালকের সন্দেহজনক বয়ানের ওপর ভিত্তি করে পুলিশ প্রথমে ওই নাবালক ও তার বাবাকে আটক করে। নাদনঘাট থানায় এনে মুখোমুখি বসিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদের পর তাদের বয়ানে অসংগতি ধরা পড়ে বলে জানায় পুলিশ । এরপর পুলিশ ওই বাবা ও ছেলেকে গ্রেফতার করে।
ঘটনার কিনারা করতে বুধবার সকালে দুর্গাপুর থেকে পৌঁছায় একটি ফরেন্সিক টিম। বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে তারা ঘটনাস্থলে পড়ে থাকা নিহত ছাত্রীর স্কুলব্যাগ, জুতো ও নদীর আশপাশের এলাকা থেকে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেন । ঘটনাকে ঘিরে এলাকায় থমথমে পরিবেশ ।।

